নৌপথে পণ্য পরিবহনে আবারও অচলাবস্থা
শ্রমিক ধর্মঘট স্থগিত হতে না হতেই এবার মালিকদের সিদ্ধান্তের কারণে গত বুধবার বিকেল থেকে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। অভ্যন্তরীণ নৌপথে গতকাল বৃহস্পতিবার পণ্য পরিবহন কার্যত বন্ধ ছিল। কেবল সিমেন্ট শিল্প মালিকদের নিজস্ব নৌযানে পণ্য পরিবহন হয়েছে।
শ্রমিকদের জন্য নৌপরিবহনমন্ত্রীর বেঁধে দেওয়া মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান করে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নেয় পণ্যবাহী নৌযানের মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতারা গত বুধবার এ সিদ্ধান্তের কথা জানান।
গতকাল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্যবাহী ৬০টি বড় জাহাজের মধ্যে ৩৪টি থেকেই পণ্য খালাসের কাজ হয়নি। আবার দেশের বিভিন্ন ঘাটে পণ্য নিয়ে যাওয়া ৬৮১টি লাইটার জাহাজেও কাজ হয়নি।
মজুরি বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে ২০ এপ্রিল রাত ১২টা থেকে শুরু হওয়া নৌযানশ্রমিকদের ধর্মঘট গত মঙ্গলবার রাত ১০টায় স্থগিত করা হয়। ওই দিন দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সচিবালয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। এতে শ্রমিকদের সর্বনিম্ন ধাপের মজুরি ৭ হাজার থেকে ১০ হাজার টাকায় উন্নীত করার সিদ্ধান্ত হয়। তবে নৌযান মালিকরা মজুরি বাড়ানোর বিষয়ে বৈঠকে একমত হননি বলে জানা গেছে।
পণ্যবাহী নৌযানের মালিকদের সংগঠন কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি খোরশেদ আলম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নৌপরিবহনমন্ত্রীর বেঁধে দেওয়া মজুরি দিয়ে জাহাজ চালানো সম্ভব নয়। এ কারণে চারটি নৌযান মালিকদের সংগঠনের আওতাধীন ২ হাজার ১০০টি জাহাজ চলাচল বন্ধ রয়েছে।