ঈদে নৌযাত্রীদের নিরাপত্তা
নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএকে পরামর্শ দেবে মানবাধিকার কমিশন
আসন্ন ঈদে নৌপথে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নৌপরিবহন মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে আবেদন জানাবে জাতীয় মানবাধিকার কমিশন।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘নৌপথ আইনের কঠোর প্রয়োগ: আমাদের প্রস্তাব’ শীর্ষক এক সেমিনারে এ কথা জানানো হয়।
কমিশন চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘এ সপ্তাহের মধ্যেই জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে নৌ মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কাছে আমরা লিখিতভাবে জানাব যে কী কী ব্যবস্থা গ্রহণ করা আশু প্রয়োজন। আগামী ঈদে মানুষ যখন বাড়ি যাবে, তখন যেন তাঁরা দুর্ঘটনায় নিপতিত না হন।’
মিজানুর রহমান প্রত্যেক লঞ্চঘাটে সিটিজেন চার্টারে যাত্রী অধিকার, যাত্রীর প্রতি মালিকের দায়িত্ব এবং প্রত্যেক লঞ্চের ধারণক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য সন্নিবেশনের দাবি জানান। তিনি বলেন, ‘এই নিয়মটির ব্যত্যয় ঘটছে কি না, সেটি তদারকি করাটাও গুরুত্বপূর্ণ। কারণ, অধিকাংশ দুর্ঘটনার কারণ হিসেবে ধারণক্ষমতার অধিক মাল কিংবা যাত্রী বোঝাইয়ের কথা বলা হচ্ছে।’
মূলত দরিদ্ররাই নৌপথে যাতায়াত করেন, এ কথা উল্লেখ করে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, ‘যে দরিদ্র মানুষ এ দেশটিকে স্বাধীন করেছে, সেই দরিদ্র মানুষের অস্তিত্ব স্বাধীন বাংলাদেশ সহ্য করতে পারে না। তাই দরিদ্ররা মারা যাবে, তাদের সলিলসমাধি হবে, এতে রাষ্ট্রের মাথাব্যথা হওয়ার কারণ তো আমরা দেখি না।’
আইনের শাসনের ‘অনুপস্থিতিই’ এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তির কারণ বলে মন্তব্য করেন মিজানুর রহমান। তিনি তাঁর বক্তব্যে দেশে প্রশাসনিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দুর্বৃত্তায়নের পাশাপাশি বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। মিজানুর রহমান বলেন, ‘বিচার বিভাগে তাঁরা (বিচারকেরা) যদি সঠিকভাবে তাঁদের দায়িত্ব পালন না করেন, তাঁরা যদি আইনের প্রয়োগ না করেন...কে তাঁদের বাধা দিয়েছে আইন প্রয়োগ করতে, কে তাঁদের বাধা দিয়েছে ন্যায়বিচারের স্বার্থে সঠিক সিদ্ধান্ত আরোপ করতে।’
এমভি নাসরিন লঞ্চ দুর্ঘটনার ১১তম বার্ষিকী উপলক্ষে নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলন এ সেমিনারের আয়োজন করে। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রকৌশলী ম ইনামুল হক, কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স, আয়োজন সংগঠনটির সদস্যসচিব আমিনুর রসুল বাবুল, সাংবাদিক আশীষ কুমার দে প্রমুখ। ২০০৩ সালের জুলাই মাসে মেঘনা নদীতে এমভি নাসরিন ডুবে গেলে ছয় শতাধিক যাত্রীর মৃত্যু হয়।