মুন্সিগঞ্জের সদর উপজেলার মুক্তারপুরে ধলেশ্বরী নদীতে গত বুধবার রাতে নৌপুলিশের ট্রলারডুবির সময় খোয়া যাওয়া তিনটি শটগানের একটি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিস বাহিনীর ডুবুরির দল ধলেশ্বরীর তল থেকে শটগানটি উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ডুবে যাওয়া ট্রলার, অন্য দুটি শটগান ও ২৫টি গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির একটি টহল দল নদীতে দায়িত্ব পালন করছিল। চাঁদপুরের দিকে যাওয়ার সময় নৌপুলিশের ট্রলারটিকে নারায়ণগঞ্জ থেকে আসা একটি কার্গো ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মাঝি ও এক পুলিশ কনস্টেবল আহত হন। মাঝিসহ ট্রলারে থাকা পুলিশের চার সদস্যের সবাই সাঁতরে তীরে ওঠেন। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে ডুবুরির দল ট্রলার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছে।