নৌবহর থেকে তেলবাহী জাহাজের ডি-কমিশনিং
নৌবাহিনীর বহর থেকে তেলবাহী জাহাজ খানজাহান আলীকে আনুষ্ঠানিকভাবে ডি-কমিশনিং করা হয়েছে। ২৮ বছর ধরে ট্যাংকারটি নৌবাহিনীর জাহাজে জ্বালানি তেল সরবরাহ করে আসছিল।
গতকাল সোমবার চট্টগ্রাম নৌ জেটিতে রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীব নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতিতে জাহাজটিকে নৌবহর থেকে ডি-কমিশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ বিপুলসংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।
নৌবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৯৮৭ সালের ১৪ জুলাই বানৌজা খানজাহান আলী বাংলাদেশ নৌবাহিনীতে ‘ফ্লিট অয়েল ট্যাংকার’ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ট্যাংকারটি নির্মাণ করেছিল জাপানের সেটোডা ডকইয়ার্ড। ট্যাংকারটি প্রথমে বিআইডব্লিউটিএ ক্রয় করে। এরপর ১৯৮৩ সালে ট্যাংকারটিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ট্যাংকারটি ২৬ লাখ ৫৬ হাজার ৮৮২ লিটার তেল এবং ১ হাজার ৬০০ টন পানি ধারণ ও বহনে সক্ষম ছিল।