নৌবাহিনীতে চলতি বছরই যুক্ত হবে দুটি ডুবোজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি বছরেই নৌবাহিনীতে সংযোজিত হচ্ছে বহু আকাঙ্ক্ষিত দুটি ডুবোজাহাজ। এর মাধ্যমে নৌবাহিনী একটি ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত হতে চলেছে।
গতকাল শনিবার সকালে চট্টগ্রামে নৌবাহিনীর ঘাঁটি বিএনএস ঈশা খান এ তিনটি যুদ্ধজাহাজ বানৌজা স্বাধীনতা, সমুদ্র অভিযান এবং বানৌজা প্রত্যয়-এর কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ শিপইয়ার্ডে নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিনের জন্য প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এ ছাড়া আমাদের সরকার নিজস্ব ব্যবস্থাপনায় দেশে যুদ্ধজাহাজ নির্মাণের কার্যক্রম হাতে নিয়েছে। ভবিষ্যতে চট্টগ্রাম ড্রাই ডকে যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।’
শেখ হাসিনা আরও বলেন, এ সরকারের আমলে নৌবাহিনীতে মেরিটাইম হেলিকপ্টার এবং মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট সংযুক্ত হয়েছে। এর ফলে বাংলাদেশ নৌবাহিনী একটি দ্বিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। নৌবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে চীনে আরও দুটি করভেট নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান আরও সুসংহত এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার লক্ষ্যে বর্তমান সরকারের উদ্যোগে নৌবাহিনীর সহায়তায় পরিচালিত শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশ নেভাল একাডেমিতে আধুনিক ও বিশ্বমানের প্রশিক্ষণব্যবস্থা সম্পন্ন বঙ্গবন্ধু কমপ্লেক্সের কাজ দ্রুত এগিয়ে চলেছে।
স্বাধীনতা পদকপ্রাপ্তিতে নৌবাহিনীর সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান এবং দেশের জলসীমায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরবচ্ছিন্ন দায়িত্ব পালনের জন্য এই বছর বাংলাদেশ নৌবাহিনী স্বাধীনতা পদকপ্রাপ্তির জন্য মনোনীত হয়েছে। আমি নৌবাহিনীর সব সদস্যকে এ জন্য অভিনন্দন জানাচ্ছি।’
ক্রমাগত সম্পদ আহরণের ফলে বিশ্বের স্থলভাগের সম্পদ আজ সীমিত এবং সারা বিশ্বের নজর এখন সমুদ্র সম্পদের দিকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারও ব্লু ইকোনমির মাধ্যমে সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
এর আগে প্রধানমন্ত্রী জাহাজের কমান্ডিং অফিসারের কাছে জাহাজের কমিশনিং ফরমান হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী সকালে নৌবাহিনীর ঘাঁটি ঈশা খান-এ পৌঁছালে নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আকতার হাবিব তাঁকে স্বাগত জানান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যরা, তিন বাহিনীর প্রধানেরা, উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং কূটনৈতিক মিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।