নৌবাহিনীতে যুক্ত হলো সাবমেরিন

অবশেষে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো সাবমেরিন। তা-ও একটি নয়, দুটি। চীনের তৈরি এই দুটি ডুবোজাহাজই আগামী বছরের জানুয়ারি মাসে দেশে আসবে। এই দুটির নাম রাখা হয়েছে ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’।
গতকাল সোমবার সকালে চীনের দালিয়ান প্রদেশের লিয়াওয়ান শিপইয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে ০৩৫জি সিরিজের দুটি ডুবোজাহাজ হস্তান্তর করেন চীনের পিপলস লিবারেশন নেভির রিয়ার অ্যাডমিরাল লিউ জিঝু।
হস্তান্তর অনুষ্ঠানে নৌবাহিনীপ্রধান বলেন, এ দুটি সাবমেরিন সংগ্রহের মাধ্যমে নৌবাহিনী ত্রিমাত্রিক শক্তি হিসেবে যাত্রা শুরু করল। তিনি এই সাবমেরিন দুটি নতুনভাবে সজ্জিত করা এবং ক্রুদের প্রশিক্ষণ দেওয়ায় চীনা নৌবাহিনীর প্রশংসা করেন।
নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ প্রথম আলোকে বলেন, নৌবাহিনীর জন্য সাবমেরিন কেনা অনেক দিনের চেষ্টার ফল। এত দিনে তা সফল হলো। এতে বাহিনীর মর্যাদা ও ক্ষমতা আরও বাড়ল। নৌবাহিনী সত্যিকার অর্থে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হলো।
জানা গেছে, কনভেনশনাল দুটি ডিজেল ইলেকট্রিক ডুবোজাহাজ, যার প্রতিটি দৈর্ঘ্যে ৭৬ মিটার ও প্রস্থে ৭ দশমিক ৬ মিটার। এগুলো টর্পেডো ও মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজে আক্রমণ করতে সক্ষম। ডুবোজাহাজ দুটি বাংলাদেশে আনার জন্য এরই মধ্যে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের যৌথ তত্ত্বাবধানে বাস্তব প্রশিক্ষণ এবং সি ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে।
নৌবাহিনীর জনসংযোগ শাখা থেকে জানানো হয়, ডুবোজাহাজ নবযাত্রা ও জয়যাত্রাকে আপাতত চট্টগ্রামের নৌবাহিনীর বিএনএস ঈশা খাঁ ঘাঁটিতে রাখা হবে। এ জন্য সেখানে আলাদা জেটি তৈরির কাজ চলছে। তবে সাবমেরিনের মূল ঘাঁটি হবে কক্সবাজারের পেকুয়া উপজেলার কুতুবদিয়া চ্যানেলে। এ ছাড়া পটুয়াখালী জেলার কুয়াকাটার অদূরে রাবনাবাদ চ্যানেলের কাছে আরেকটি ঘাঁটি তৈরি করা হচ্ছে। সেখানেও সাবমেরিন নোঙর করার (বার্থিং) সুবিধা থাকবে।
গতকাল বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়, দুটি সাবমেরিনের মূল্য ধরা হয়েছে ২০ কোটি ৩৩ লাখ ডলার বা প্রায় দেড় হাজার কোটি টাকা।