নৌবাহিনীর কর্মকর্তার বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্র এলাকা পরিদর্শন
নৌবাহিনীর কমোডর এম সোহায়েল গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা এলাকায় কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।
চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পূর্ত কাজ করে দেবে নৌকল্যাণ ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ২৫০ কোটি ডলার ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্র এলাকা পরিদর্শনে গিয়ে কমোডর এম সোহায়েল এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘বাঁশখালীর বিদ্যুৎ প্রকল্প আপনাদের। আপনারাই প্রকল্পটির কর্ণধার। এখানে কলকারখানা হলে আপনারাই সবচেয়ে বেশি লাভবান হবেন। এখানে সমন্বয় ও অভিযোগকেন্দ্র খোলা থাকবে। আপনারা অভিযোগ করলে তা যাচাই করে ন্যায্য পাওনা নিশ্চিত করা হবে। এখানে কারও ক্ষতি করে প্রকল্প করা হবে না। সর্বোত্তম প্রযুক্তিতে এ প্রকল্প বাস্তবায়ন হবে। ভারত ও চীনে এ রকম প্রকল্প আছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে।’ তিনি আরও বলেন, ‘কেউ যাতে আপনাদের ভুল বোঝাতে না পারে সে জন্য আমরা আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আপনারা ভুল পথে পা দেবেন না।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের লে. কমান্ডার এনামুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইমরান ভূইয়া, সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মফিজ উদ্দিন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ও গন্ডামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আরিফুল্লাহ।
গত ৪ এপ্রিল গন্ডামারায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন ও পুলিশের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন।