ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গত বুধবার দিবাগত রাতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের গাড়ির ধাক্কায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার নাকুগাঁও স্থলবন্দরের উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব পঙ্কজ কুমার পাল, জেলা প্রশাসক মো. জাকীর হোসেন প্রমুখ বক্তব্য দেন। এর আগে সকালে মন্ত্রী বন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মন্ত্রী বলেন, নাকুগাঁও বন্দরের উন্নয়নের জন্য উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।
ফুলপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর উদ্বোধনের জন্য বুধবার রাতে রওনা হন নৌমন্ত্রী শাজাহান খান। পথে ময়মনসিংহ পুলিশ লাইনসের একটি গাড়িতে করে কয়েকজন পুলিশ নৌমন্ত্রীর নিরাপত্তার কাজে যোগ দেন। ফুলপুর উপজেলার ছয় মাইল এলাকায় একটি গতিরোধক পার হওয়ার সময় সামনে থাকা পুলিশের গাড়িটি হঠাৎ থামানো হয়। নৌমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ রাখতে না পেরে পুলিশের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। গাড়িতে থাকা পুলিশের সদস্য আতিকুর, মো. আতিক ও ফিরোজ আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌমন্ত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পরে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে করে মন্ত্রী শেরপুর যান।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, গতকাল উদ্ধারকারী গাড়ি (রেকার) দিয়ে নৌমন্ত্রীর গাড়িটি উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়েছে।