নৌমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার পর ২৬টি গতিরোধক অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার ছয়মাইল এলাকায় গত বুধবার রাতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের গাড়ি গতিরোধকের কারণে দুর্ঘটনাকবলিত হয়। পরে গত শনিবার রাতে ওই সড়কের ৩৫ কিলোমিটার অংশে ২৬টি গতিরোধক অপসারণ করেছে সড়ক ও জনপথ (সওজ)।
অথচ দীর্ঘদিন ধরে ওই সড়কের অপ্রয়োজনীয় গতিরোধক সাধারণ মানুষের ভোগান্তির কারণ হলেও সওজ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। গত ৪ জানুয়ারি প্রথম আলোয় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ‘৫০ কিলোমিটারে ২৯টি গতিরোধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর উপজেলার বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার ময়মনসিংহ-শেরপুর সড়কেরও অংশ। ফুলপুর বাসস্ট্যান্ড থেকে সড়কটি মোড় নিয়ে শেরপুর গেছে। সড়কের ফুলপুর বাসস্ট্যান্ড পর্যন্ত ৩০ কিলোমিটার অংশে ১৭টি অপ্রয়োজনীয় গতিরোধক ছিল। ওই সময় সওজের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন প্রথম আলোকে বলেছিলেন, বিভিন্ন সড়ক দুর্ঘটনার পর এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই সব অপ্রয়োজনীয় গতিরোধক তৈরি করা হয়। প্রতিবেদন প্রকাশের ছয় মাস পর ভাঙা হয়নি কোনো গতিরোধক।
পুলিশ, প্রশাসন ও সওজ সূত্রে জানা যায়, গত বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান শেরপুরের নালিতাবাড়ীতে যাচ্ছিলেন। পথে ফুলপুর উপজেলার ছয়মাইল এলাকায় একটি গতিরোধকে মন্ত্রীর নিরাপত্তায় থাকা পুলিশের গাড়িটি হোঁচট খায়। পরে পেছনে থাকায় মন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে পুলিশের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে পুলিশের গাড়িটি সড়কের পাশে ছিটকে পড়ে। আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনজন পুলিশ সদস্য। দুর্ঘটনায় নৌমন্ত্রীর গাড়িটিও ক্ষতিগ্রস্ত হলে পরদিন উদ্ধারকারী গাড়ি সেটি উদ্ধার করে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়কে অপ্রয়োজনীয় গতিরোধকগুলো মানুষের সমস্যার কারণ হলেও সওজ সেগুলো অপসারণ করেনি। কিন্তু মন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় এক রাতে প্রয়োজনীয় বেশ কয়েকটি গতিরোধকসহ ফুলপুর উপজেলার ভাইটকান্দি বাজার পর্যন্ত ৩৫ কিলোমিটার অংশের ২৬টি গতিরোধক অপসারণ করা হয়। এর মধ্যে রয়েছে তারাকান্দা উপজেলার কোদালধর এলাকায় অবস্থিত বকশিমুল উচ্চবিদ্যালয়ের সামনের গতিরোধকটিও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা দুলাল বলেন, বিদ্যালয়ের সামনে গতিরোধক খুব বেশি প্রয়োজন। ঈদের পর আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়ের ফটকের সামনে গতিরোধক দেওয়ার জন্য আবেদন করা হবে।
সওজের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন বলেন, গতিরোধকগুলো ভেঙে ফেলার পরিকল্পনা অনেক দিনের। নৌমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় কবলিত হওয়ার কারণেই এক রাতেই নির্বিচারে সব গতিরোধক ভেঙে ফেলা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ময়মনসিংহ অংশে মোট ২৬টি গতিরোধক ভাঙা হয়েছে। কোনো প্রয়োজনীয় গতিরোধক ভাঙা হয়েছে কি না সেটি খোঁজ নিয়ে দেখা হবে।