নৌযান কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি পৃথক ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার চট্টগ্রাম নগর ও রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে নৌযান নির্মাণ ও মেরামতের তিনটি কারখানা সিলগালা, তিনটি ইটভাটাকে জরিমানা, নকশায় অনিয়মের কারণে এক ভবনমালিককে জরিমানা এবং টাকা বকেয়া থাকায় বিদ্যুতের চারটি সংযোগ বিচ্ছিন্ন ও মামলা করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের অভিযান: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত গতকাল কালুরঘাট সেতুর পাশে কর্ণফুলী নদীর তীরে নৌযান মেরামত ও নির্মাণের তিনটি অবৈধ কারখানা সিলগালা করেন। এ ছাড়া কারখানা তিনটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অনুমতি ছাড়া পরিচালনা এবং নদীর তীর দখল করে রাখার দায়ে কারখানা তিনটি সিলগালা করে দেওয়া হয়।
কারখানা তিনটি হলো মিল্লাত ডকইয়ার্ড, কালুরঘাট ডকইয়ার্ড ও মনছুর শিপইয়ার্ড। নদীর তীর থেকে এসব ডকইয়ার্ডের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য পাঁচ দিন সময় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি প্রথম আলোকে বলেন, এসব কারখানা পরিচালনার জন্য বন্দর থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। আবার নদীর তীর দখল করে এই তিনটি কারখানা গড়ে তোলা হয়েছে।
এর আগে একই ভ্রাম্যমাণ আদালত পাঁচটি নৌযানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। অতিরিক্ত পণ্যবোঝাই, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, নৌযানের চালকের সনদ না থাকার কারণে এই জরিমানা করা হয়।
বিদ্যুতের চার সংযোগ বিচ্ছিন্ন, মামলা: ১৩ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল বকেয়া, অনুমোদনের অতিরিক্ত লোড ব্যবহার এবং পিডিবির এক কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় চট্টগ্রামে চার গ্রাহকের বিরুদ্ধে মামলা ও সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল নগরের কোতোয়ালি, কোরবানীগঞ্জ, ফিরিঙ্গিবাজার ও টেরিবাজারে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রামের বিদ্যুৎ আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। এ সময় পিডিবির পাথরঘাটা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।
পিডিবি চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, ১৩ লাখ ৩৫ হাজার ৬৮৮ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আমজাদ হোসেন চৌধুরী, আজিজুল আহমেদ এবং এম এ রশীদ নামের তিন গ্রাহকের বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে তিন গ্রাহকের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। টেরিবাজার এলাকায় মেসার্স নাজিম এন্টারপ্রাইজ অনুমোদনের অতিরিক্ত লোড ব্যবহার করছিল। প্রতিষ্ঠানটিতে অভিযান চালানোর সময় বিদ্যুৎ বিল নিয়ে পিডিবির এক কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দেওয়ায় প্রতিষ্ঠানটির মালিক নাজিম চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয় এবং অনুমোদনের অতিরিক্ত লোড ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিন ইটভাটাকে জরিমানা: ছাড়পত্র না থাকা এবং পরিবেশদূষণের অপরাধে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তিনটি ইটভাটাকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন।
অভিযানে রাঙ্গুনিয়ার রানীর হাটের এম বি এম ব্রিকফিল্ডকে ৮০ হাজার টাকা, বি বি এস ব্রিকফিল্ডকে ১ লাখ টাকা এবং এ টি এম ব্রিকফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন জানান, তিনটি ইটভাটাই জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়া ইট তৈরি করছিল। এ ছাড়া বনের কাঠ পোড়ানো হচ্ছিল। চিমনি থাকলেও তা গ্রহণযোগ্য পরিমাপের নয়।
সিডিএর অভিযান: রাস্তার জন্য জায়গা না ছেড়ে ভবন তৈরি করায় নগরের নাসিরাবাদ এলাকার জিন্নুরাইন কনভেনশন সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু। এ সময় সিডিএর ভারপ্রাপ্ত প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিন উল ইসলাম খান, অথরাইজড কর্মকর্তা মো. ইলিয়াসসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সিডিএ সূত্র জানায়, প্রবর্তক মোড় থেকে ষোলোশহর ২ নম্বর গেট পর্যন্ত আটটি ভবনে গতকাল অভিযান চালানো হয়। সিডিএর ভারপ্রাপ্ত প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিন উল ইসলাম খান প্রথম আলোকে বলেন, অভিযানে একটি ভবনকে জরিমানা করা হয়েছে। অন্য ভবনমালিকদের নকশাবহির্ভূত অংশ সরানো ও পার্কিংয়ের জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।