নৌযানশ্রমিকদের একটি সংগঠনের কর্মবিরতির ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বাড়ানোর দাবিতে চার মাসের মাথায় আবারও লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নৌযানশ্রমিকদের একটি সংগঠন। গতকাল সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে এই কর্মবিরতি শুরু হওয়ার কথা। নৌ শ্রমিক সংগ্রাম পরিষদ নামের নতুন একটি সংগঠনের ব্যানারে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক ওয়েজুল ইসলাম গতকাল রাত নয়টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ চার দফা দাবিতে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে। তেল পরিবহনকারী ট্যাংকার মালিকেরা মজুরি বাড়ানোর কারণে ট্যাংকার শ্রমিকেরা কর্মবিরতিতে যাবেন না। তবে যাত্রীবাহী লঞ্চ, পণ্যবাহী লাইটার জাহাজের শ্রমিকেরা এই কর্মসূচির আওতায় রয়েছেন।
মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে গত ২০ এপ্রিল থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ব্যানারে সারা দেশে নৌযানশ্রমিকেরা ধর্মঘট শুরু করেন। ছয় দিনের মাথায় মালিক ও শ্রমিকপক্ষকে নিয়ে নৌমন্ত্রী শাজাহান খান বৈঠক করে সর্বনিম্ন ধাপের মজুরি ৭ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দেন। এ সিদ্ধান্তে তখন শ্রমিকেরা ধর্মঘট কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন। তবে মালিকপক্ষ বিষয়টি নিয়ে আদালতে রিট আবেদন করে।
কর্মবিরতির বিষয়ে নৌযান মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি খোরশেদ আলম বলেন, ‘নৌমন্ত্রীর নির্ধারিত মজুরি দিতে পারব না বলে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। মজুরি নির্ধারণের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের বলে আদালত আদেশ দিয়েছেন। এখন নৌযানশ্রমিকেরা কর্মবিরতিতে গেলে সেটির আইনগত ভিত্তি নেই।’