নৌযানশ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে নৌযানশ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
নৌযানশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা করাসহ ১৫ দফা দাবিতে মঙ্গলবার রাত ১২টা থেকে ধর্মঘট আহ্বান করেছিল নৌযান শ্রমিক ফেডারেশন। এ পরিস্থিতিতে গতকাল বিকেলে সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাঁচটি মন্ত্রণালয়ের প্রতিনিধি, নৌযানের মালিকপক্ষ এবং শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে নৌযানশ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘বৈঠকে ১৫ দফা দাবি বাস্তবায়নে একাধিক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ করার আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য দাবিও বাস্তবায়ন করা হবে। এ-সংক্রান্ত একটি লিখিত সমঝোতাও হয়েছে।’