নৌযানে উঠতে 'নৌকার সাঁকো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠের সাঁকোর শেষ প্রান্তে কাদামাটিতে সার বেঁধে রাখা ডিঙি নৌকা। সার বেঁধে রাখা নৌকার ওপর দিয়ে হেঁটে নদীতে রাখা স্পিডবোট কিংবা ট্রলারে উঠছেন যাত্রীরা।
এই দৃশ্য কক্সবাজার শহরের বাঁকখালী নদীর কস্তুরাঘাটের। এভাবে প্রতিদিন ‘নৌকার সাঁকো’ পার হয়ে মহেশখালীগামী নৌযানে উঠছেন যাত্রীরা।
গতকাল শুক্রবার দুপুরে কস্তুরাঘাটে গিয়ে দেখা যায়, মহেশখালী যাওয়া-আসার জন্য তৈরি কস্তুরাঘাটের কাঠের সাঁকোটি নড়বড়ে হয়ে গেছে। কিছু দূর পরপর কাঠের পাটাতন খুলে পড়ে গেছে। নড়বড়ে ওই সাঁকোর ওপর দিয়ে হেঁটে পারাপার হচ্ছেন যাত্রীরা।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন পর্যটকসহ অন্তত পাঁচ হাজার মানুষ কক্সবাজার-মহেশখালী নৌপথে যাতায়াত করে।
মহেশখালীর কুতুবজোম গ্রামের কৃষক করিম উল্লাহ বলেন, কক্সবাজার থেকে স্পিডবোটে ১০ কিলোমিটার দূরের মহেশখালী পৌঁছাতে সময় লাগে মাত্র ১০-১২ মিনিট। কিন্তু দুই পাড়ে জেটি অতিক্রম করতে সময় লাগে এক ঘণ্টারও বেশি। বিশেষ করে নারী ও শিশুদের স্পিডবোট কিংবা ট্রলারে উঠতে চরম ভোগান্তি পোহাতে হয়।
কয়েকজন যাত্রী বলেন, পাহাড় কাটার মাটিতে বাঁকখালী নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। মহেশখালী অংশে যাত্রী ওঠানামার জন্য দুটি স্থায়ী জেটি থাকলেও কক্সবাজার অংশে কোনো জেটি নেই। কাঠের সাঁকো অতিক্রম করে প্রতিদিন হাজারো মানুষ কক্সবাজার-মহেশখালী নৌপথে যাতায়াত করছে।
মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া বলেন, পৌরসভার গোরকঘাটা এলাকায় ১৯৮৮ সালে ৫০০ মিটার দীর্ঘ একটি স্থায়ী জেটি নির্মাণ হয়। সাগরে চর জেগে ওঠায় ২০০০ সালে জেটির সামনে আরও ১০০ মিটার সম্প্রসারণ করা হয়েছিল। চর ভরাট হওয়ায় এখন সেই জেটিতে ওঠা-নামায়ও সমস্যা হচ্ছে। ভাটার সময় জেটির বাইরে আরও কয়ক শ মিটার কাদামাটি ভেসে ওঠে। সেখানে নৌকা সারিবদ্ধভাবে রেখে যাত্রীদের ট্রলার থেকে জেটিতে উঠতে হচ্ছে। ওই সময় অনেকে পানিতে পড়ে যান। পানিতে পড়ে নষ্ট হয় মালামাল।
কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান বলেন, কস্তুরাঘাটের জরাজীর্ণ কাঠের সাঁকোটি সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, বাঁকখালী নদীর তলদেশ ভরাট হওয়ায় নৌ-চলাচলের গতিপথ সংকুচিত হয়ে পড়েছে। এতে মহেশখালীসহ সাতটি অভ্যন্তরীণ নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, পর্যটকসহ নিরাপদ যাত্রী পারাপারের জন্য এই নৌপথে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নিচ্ছে সরকার।