নৌশ্রমিকদের কর্মবিরতি শুরু
নৌপথে চাঁদাবাজি ও নৌযানশ্রমিকদের ওপর সন্ত্রাসীদের হামলা বন্ধের দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। গতকাল রোববার সকাল থেকে ওই কর্মবিরতি পালন শুরু হয়।
শহরের ৫ নম্বর ঘাট এলাকায় নদীতে বালুবাহী বাল্কহেড নোঙর করে কর্মবিরতি পালন করে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন। নৌযান শ্রমিকদের অভিযোগ, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে গত শনিবার বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সম্মেলনকক্ষে সভা করেন নৌপুলিশের পুলিশ সুপার এম এ মান্নান। সেখানে বালুবাহী বাল্কহেড নৌযানশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং বালুমহালের ইজারাদাররা কোনো নৌযানশ্রমিককে টোকেন কাটতে বাধ্য করতে পারবেন না। তাঁরা তাঁদের ইচ্ছা অনুযায়ী, পছন্দমতো ইজারাদারের কাছ থেকে টোকেন কাটতে পারবেন বলে সিদ্ধান্ত হয়।
কিন্তু ওই সভার পর বিকেলে বালুমহালের ইজারাদার রিফাত ও বিজয় ট্রেডার্সের সন্ত্রাসীরা শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মোহনায় টোকেন কাটার নামে চাঁদার দাবিতে হামলা চালায়। তারা চার শ্রমিককে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল থেকে চাঁদাবাজি ও সন্ত্রাসীদের হামলা বন্ধ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি পালন শুরু হয়। এরপর তাঁরা শহরের ৫ নম্বর ঘাট এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, ‘আমাদের নৌশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।’
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি সরদার আলমগীর মাস্টার ও সংগঠনের ডেমরা শাখার সভাপতি জাকির হোসেন।
এ ব্যাপারে নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাবেদুর রহমান জানান, নৌশ্রমিকেরা ধর্মঘট নয়, কর্মবিরতি পালন করছেন। সমস্যা সমাধানে আলোচনা চলছে।