নেয়ামুলের অঙ্গ স্থাপন ও পুনর্বাসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরাঙ্গীরচরের শিশু নেয়ামুলের শরীরের বিচ্ছিন্ন অঙ্গ সংযোজনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া শিশুটির যথাযথ পুনর্বাসনের জন্য ব্যবস্থা নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার সহকারী সচিব আবু সাঈদ মোল্লার স্বাক্ষরিত এসব চিঠি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়। এ ছাড়া গতকাল এ বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে। গত বছরের ২৯ ডিসেম্বর র‌্যাব এক সংবাদ সম্মেলনে শিশুদের অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তির ব্যবসা ফাঁদা এক চক্রের সন্ধান পাওয়ার খবর দেয়। একটি টিভি অনুষ্ঠানের সূত্র ধরে র‌্যাব ওই চক্রের খোঁজ পায় বলে জানানো হয়। সূত্র জানায়, এ বিষয়ে সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দেওয়া সুপারিশ গত এক মাস পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদালতের নির্দেশক্রমে এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আলম আরা বেগমকে প্রধান করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করে, প্রকৃতপক্ষে তিন বন্ধুর খেলা নিয়ে বিরোধের জের ধরেই নেয়ামুলের পুরুষাঙ্গ কেটে ফেলা হয়। এ ঘটনার জন্য দায়ী ইমরান ও রাসেল দুজনেই শিশু। প্রতিবেদনে মত দেওয়া হয়, তাদের নৈতিক শিক্ষার ব্যবস্থা করার নির্দেশনাসহ সংশোধনাগারে পাঠানো যেতে পারে। সুপারিশে আরও বলা হয়, আদালতের নির্দেশে অধিকতর তদন্তে যদি পূর্ণ বয়স্ক কারও জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আদেশ দেওয়া যেতে পারে।