বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আগে বলেছে পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি। আবুল হোসেনকে প্রধানমন্ত্রী দেশপ্রেমিক বলেছিলেন। আজ দুদক বাধ্য হয়ে নতুন প্রতিবেদন দিয়েছে, যেখানে আবুল হোসেনসহ ১০ জন জড়িত বলে উল্লেখ করা হয়েছে। এ জন্য নৈতিক কারণেই প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।গতকাল বুধবার ‘গণতন্ত্র মুক্তি’ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, ‘তবে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন ও প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের নাম বাদ দিয়ে অভিযোগ দায়েরের চেষ্টা চলছে। কিন্তু আমাদের বিশ্বাস, শেষ পর্যন্ত এ মামলায় আবুল হোসেনকে ঢোকাতেই হবে।’যুদ্ধাপরাধীদের রক্ষায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিজয়ের মাসে কর্মসূচি দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই চাই। তবে সেটি হতে হবে ন্যায়বিচার। বিচারের নামে রাজনৈতিক প্রতিহিংসা এবং বিরোধী দলকে নির্মূল করা নয়।’ তিনি দাবি করেন, বিভিন্ন সমস্যা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে সরিয়ে নিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা ‘ভিন্ন ভাষায়’ কথা বলছেন। তিনি আরও বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণতন্ত্র মুক্ত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, সেই গণতন্ত্রকে বেশি দিন ধরে রাখা যায়নি। ২২ বছর পর ২০১২ সালে এসে গণতন্ত্র আবার অবরুদ্ধ হয়ে গেছে। গত ২৮ নভেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমাবেশ থেকে ৬ ডিসেম্বরকে ‘গণতন্ত্র মুক্তি’ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। এ উপলক্ষে গতকাল ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ডাকসুর সাবেক সহসভাপতি আমান উল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে হাবিবুর রহমান, নাজিমউদ্দিন আলম প্রমুখ বক্তব্য দেন।