নৈতিক জীবনযাপনের মাধ্যমে উন্নত সমাজ গড়ার আহ্বান

নতুন বছরের প্রথম দিনে নৈতিকতা দিবস উদ্যাপন অনুষ্ঠানে গতকাল বুধবার বক্তারা নৈতিক জীবনযাপনের মাধ্যমে উন্নত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় গতকাল এথিকস ক্লাব বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘নৈতিকতা লঙ্ঘন করলে শাস্তি পাচ্ছেন কি না, সেটা দেখতে হবে। যে দেশে একবার মামলা করতে ছয়বার তদন্ত কর্মকর্তা বদল হয়, সে দেশে নৈতিকতার বিষয়টি কতটা প্রাসঙ্গিক সেটা দেখতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘কেবল শিক্ষার মাধ্যমে মানুষ নৈতিক হয়ে উঠবে, এমন আশা করা ঠিক নয়। আমরা আমাদের মূল্যবোধগুলোকে জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে ক্রমাগত নৈতিকতার মানদণ্ডে পরীক্ষা করব এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করব।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। হয় কেউ এই জোটের, না হলে ওই জোটের। এই দুই জোটের মাঝখানে থেকে যদি কেউ কথা বলেন তাহলে তিনি ষড়যন্ত্রকারী। সেই ষড়যন্ত্রকারীদের একজন হিসেবে বলছি, বাংলাদেশের মানুষের সত্যিকারের ভোটের অধিকার এ মুহূর্তে নেই। এখন ফাঁকা মাঠে গোল দেবেন, না প্রতিপক্ষকে আনার ব্যবস্থা করে সেখানে গোল দেবেন, সেটা দেখার বিষয়।’
ইফতেখারুজ্জামান আরও বলেন, প্রতিবছর কালোটাকা বৈধ করার সুযোগ দিয়ে রাষ্ট্র চুরি করতে উৎসাহিত করে। রাজনৈতিক দলগুলো যেকোনো মূল্যে ক্ষমতায় থাকতে বা যেতে চায়। কারণ, ক্ষমতায় থাকলে অগাধ সম্পদের মালিক হওয়া যায়। পত্রপত্রিকায় সেই সম্পদের হিসাব আসতে থাকলে মন্ত্রীরা সম্পদের হিসাব প্রকাশ বন্ধ করার জন্য নির্বাচন কমিশনে ছুটে যান। অনেক মন্ত্রী আবার বলেন ক্ষমতায় থাকলে সম্পদ বাড়বেই। এসব দেখে আমরা উৎকণ্ঠিত হয়ে পড়ি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস, যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল ইউনিভার্সিটি কলেজ অব মেডিসিনের অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।
এথিকস ক্লাবের প্রতিষ্ঠাতা এম ই চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের ঘোষণা পাঠ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা রূপা খান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী।
অনুষ্ঠানে আয়োজকেরা অধ্যাপক আনিসুজ্জামানকে আদর্শ শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করেন। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এই সম্মাননা স্মারক আনিসুজ্জামানের হাতে তুলে দেন।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।