নৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছেন চিকিৎসকেরা
চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়েছে। কিন্তু এ দেশের চিকিৎসকেরা নৈতিক দিক থেকে অনেক পিছিয়ে পড়েছেন। চিকিৎসকেরা নৈতিক অবস্থানে দৃঢ় থেকে পেশাচর্চা করলে চিকিৎসা ব্যয় ৩০ শতাংশ কমে যাবে।
আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত চিকিত্সকদের নৈতিকতা বিষয়ক এক গোলটেবিল বৈঠকে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকরা এ কথা বলেন। বাংলাদেশ চিকিৎসা ও দন্ত চিকিৎসা পরিষদ (বিএমডিসি) ও বিএসএমএমইউ যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
চিকিৎসকদের রোগীর কাছে ভুল পরিচয় উপস্থাপন, ব্যবস্থাপত্রে প্রয়োজনের বেশি ওষুধ লেখা, ভুল ওষুধ লেখা, রোগনির্ণয় কেন্দ্র থেকে অর্থ নেওয়া, সরকারি চিকিৎসকদের ক্লিনিকে পেশা চর্চা, অর্থের বিনিময়ে বেসরকারি মেডিকেল কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি করানো বিষয়ে বৈঠকে আলোচনা হয়। নিজেদের সমালোচনা করে চিকিত্সকরা বলেন, তাঁদের সম্মান ও মর্যাদার পতিত অবস্থার জন্য মূলত চিকিৎসকরাই দায়ী।
মূল উপস্থাপনায় বিএসএমএমইউয়ের সহউপাচার্য মো. সহিদুল্লা বলেন, পেশাচর্চার ক্ষেত্রে চিকিৎসকের কাছে রোগীর স্বার্থ সবকিছুর ওপরে। তিনি বলেন, চিকিৎসকদের নৈতিকতার বিষয়টি বহু পুরোনো ও আলোচিত বিষয়। সেবা নেওয়ার পর রোগীর উপকার না হোক ক্ষতি যেন না হয়, এটা গুরুত্বপূর্ণ। রোগীকে সঠিক তথ্য জানানো, সেবা নেওয়ার ক্ষেত্রে রোগীর স্বাধীন মতামত, রোগীর তথ্য গোপন রাখা, সর্বোপরি রোগীকে মর্যাদা দেওয়া চিকিৎসকের নৈতিকতার মধ্যে পড়ে।
অনুষ্ঠানের শুরুতে বিএমডিসির সভাপতি আবু শফি আহমেদ আমিন জানান, চিকিৎসকদের পেশাচর্চার নৈতিকতা বিষয়ে সচেতন করার জন্য দুই বছর মেয়াদে প্রকল্প হাতে নিয়েছে বিএমডিসি। পাঠ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে চিকিৎসকদের নিয়ে তিনটি সভা হয়েছে। এ বিষয়ে দিশের বিভিন্ন স্থানে গোলটেবিল বৈঠকের আয়োজন করবে বিএমডিসি। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ক্লিনিক ও হাসপাতাল মালিক, বেসরকারি মেডিকেল কলেক কর্তৃপক্ষ, সাংবাদিক ও আইনজীবীদের সঙ্গে পৃথক পৃথক সভা করা হবে। তিনি বলেন, দুই বছর শেষে চিকিৎসকদের করণীয় বিষয়ে একটি নির্দেশিকা তৈরি হবে। প্রকল্পে যুক্তরাষ্ট্রের রকেফেলার ফাউন্ডেশন আর্থিক সহায়তা দিচ্ছে।
বিএসএমএমইউয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত চিকিৎসকদের পতিত অবস্থার বর্ণনা দিয়ে বলেন, ‘একসময় চিকিত্সককে রোগীরা বলতো “উপরে আল্লাহ আর নিচে আপনি”। এখন আর তা বলে না। চিকিৎসকরা নিজেরাই সেই মর্যাদার আসন থেকে নিজেদের সরিয়ে ফেলেছেন।’ তিনি বলেন, ডিগ্রি এখন রোগ। দেশে ডিগ্রির বাণিজ্য হচ্ছে।
রোগীরা কীভাবে চিকিৎসকের কাছে গিয়ে হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হয় তার বর্ণনা দেন একাধিক চিকিত্সক। তবে এই বিষয়ে বিএমডিসির উদ্যোগকে সবাই প্রশংসা করেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান বলেন, চিকিত্সা পেশার অনেকটা বাণিজ্যিকীকরণ হয়েছে। উচ্চবিত্তের ছেলেমেয়রা এই পেশায় বেশি আসেছ। তিনি বলেন, কী রোগ পাওয়া গেল, সেই রোগের চিকিত্সা কী এবং রোগীর ভবিষ্যত্ কী, এসব প্রশ্নের উত্তর রোগীকে জানানো চিকিৎসকের দায়িত্ব। তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গ ও এ দেশের চিকিৎসকদের মানের কোনো তারতম্য নেই। তবে সে দেশের চিকিৎসকেরা রোগীকে বেশি সময় দেয়, রোগীর সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। এতে রোগীর আস্থা বাড়ে। এ দেশের রোগী ওই দেশে যাওয়ার এটা বড় কারণ।
আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া বলেন, বিচ্ছিন্নভাবে নৈতিকতার কথা কলে লাভ হবে না। যাঁরা নৈতিকতার কথা বলবেন তাদের নিজেদেরও নৈতিকভাবে দৃঢ় অবস্থানে থাকতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে সরকারি চিকিৎসকদের ব্যক্তিগত পেশা চর্চার (প্রাইভেট প্রাকটিস) নজির নেই। সরকারি চিকিৎসকরা শিক্ষাকতাও করেন, বিকেলে ব্যক্তিগতভাবে রোগীও দেখেন। এটা বন্ধ বরতে হবে।
অনুষ্ঠানে আইসিডিআিরবি, বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও জ্যেষ্ঠ চিকিৎসকরা অংশ নেন। প্রকল্প পরিচালক জি এইচ রব্বানি জানান, চিকিৎসকদের পেশাচর্চার বর্তমান অবস্থা নিয়ে প্রকল্পের অধীনে একটি গবেষণা কাজও হাতে নেওয়া হয়েছে।