প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে র্যাব সদস্যদের প্রধানমন্ত্রী
নৈতিক স্খলন যেকোনো বাহিনীর মনোবল দুর্বল করে

শৃঙ্খলা বজায় রাখা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করা একটি বাহিনীর সদস্যদের জন্য অবশ্যপালনীয় কর্তব্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৈতিক স্খলন যেকোনো বাহিনীর মনোবল দুর্বল করে দেয়।
রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে গতকাল বুধবার র্যাব ফোর্সেসের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। র্যাব সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘প্রতিটি সদস্যকে দেশপ্রেম, সততা, কর্তব্যনিষ্ঠা, দক্ষতা ও পেশাদারি মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে, আপনারা একটি শৃঙ্খলা বাহিনীর সদস্য। জনগণের পয়সায় আমাদের-আপনাদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। আমরা সকলেই জনগণের সেবক।’
শেখ হাসিনা বলেন, ‘আইনকানুন এবং নিয়মনীতি মেনে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন—এটাই আমার প্রত্যাশা।’
দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের জানমালের নিরাপত্তা না থাকলে দেশে বিনিয়োগ আসবে না। কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে না।
সম্প্রতি সিলেটের জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার সময় বিস্ফোরণে নিহত র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন শেখ হাসিনা। জঙ্গি আস্তানা আতিয়া মহলকে বিস্ফোরকমুক্ত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করায় র্যাবের প্রশংসা করেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘আমরা যে যেখানে আছি, সেখান থেকেই জঙ্গিবাদের মোকাবিলা করতে হবে। তা না হলে আমাদের সব অর্জন বিনষ্ট হয়ে যাবে।’
প্রধানমন্ত্রী বলেন, র্যাবে নতুন নতুন ব্যাটালিয়ন উদ্বোধন করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধা বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। র্যাব সদর দপ্তর এবং র্যাব ট্রেনিং স্কুলসহ সব ব্যাটালিয়নের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত র্যাবের বাজেট প্রায় দ্বিগুণ করা হয়েছে। এ বাহিনীতে অস্পষ্ট ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) সংগ্রহ, টেলিফোন সেট ট্র্যাকিংয়ের (আড়িপাতা) যন্ত্রসহ অত্যাধুনিক সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। শক্তি বৃদ্ধি করতে দুটি হেলিকপ্টারসহ প্রয়োজনীয় যানবাহন বরাদ্দ দেওয়া হয়েছে। র্যাব একটি ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে।
র্যাবের মাধ্যমে সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আত্মসমর্পণের পরে সুন্দরবন এখন একটি নিরাপদ জনপদ। আত্মসমর্পণকারীদের পুনর্বাসিত করা হচ্ছে। তারা যেন এই ভুল পথে আর না ফেরে, সে জন্য সব ধরনের সাহায্য এবং জীবন-জীবিকার সুযোগ করে দিতে হবে।
শেখ হাসিনা আরও বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থী দমনেও র্যাব কার্যকর ভূমিকা রেখেছে। চরমপন্থীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। অপহরণের পর মুক্তিপণ আদায় করে—এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করে আসছে র্যাব। পাশাপাশি মাদক পাচার প্রতিরোধ এবং অপহৃত শিশু ও ব্যক্তিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে সুন্দরবনে র্যাবের কর্মকাণ্ড নিয়েও একটি ভিডিওচিত্র পরিবেশিত হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী অনুষ্ঠানে র্যাব-৯-এর জন্য নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, পুলিশের মহাপরিচালক এ কে এম শহীদুল হকসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
অপরাধ ও জঙ্গি দমনে ২০০৪ সালে বাংলাদেশ পুলিশের র্যাব ইউনিট গঠন করা হয়। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি এবং আনসার সদস্যদের নিয়ে এই বাহিনী গঠিত।