নৈতিক স্খলনের অভিযোগে র্যাবের এসআইকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগে র্যাব-১১-এর নারায়ণগঞ্জ ক্যাম্পের এসআই আনোয়ার হোসেনকে গতকাল মঙ্গলবার তাঁর কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। সূত্র জানায়, এসআই আনোয়ার গত রোববার রাতে শহরের পুরাতন কোর্ট এলাকায় র্যাব-১১-এর নারায়ণগঞ্জ ক্যাম্প কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বের হয়ে যান। ফেরেন রাত ১২টার পর। বিষয়টি জানাজানি হলে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে জানতে পারেন, এসআই আনোয়ার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়াই ক্যাম্প থেকে বেরিয়ে শহরের উত্তর চাষাঢ়ায় তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীর (নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী সাংসদের ছেলে) ভাড়া করা ফ্ল্যাটে গিয়ে তাঁর সঙ্গে আড্ডা দেন। এ সময় দুজনে একসঙ্গে মদ পান করেন। পরে প্রাথমিক ব্যবস্থা হিসেবে আনোয়ারকে নারায়ণগঞ্জ ক্যাম্প থেকে প্রত্যাহার করে ব্যাটালিয়ন সদর দপ্তরে নেওয়া হয়েছে। আনোয়ার এক বছরেরও বেশি সময় নারায়ণগঞ্জ ক্যাম্পে কর্মরত ছিলেন। আনোয়ারের বিরুদ্ধে সন্ত্রাসীদের সঙ্গে সখ্য, র্যাবের তথ্য পাচার, অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে।র্যাব-১১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গাজী মোহাম্মদ আহসানুজ্জামান গতকাল বিকেলে টেলিফোনে প্রথম আলোকে জানান, এসআই আনোয়ারকে নারায়ণগঞ্জ ক্যাম্প থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে র্যাবে এ ধরনের বদলি নিয়মিত ঘটনা।