প্রয়াত তিন শিল্পোদ্যোক্তা নিয়ে মেট্রো চেম্বারের স্মরণসভা
নৈতিকতা ও মূল্যবোধ রেখেও ব্যবসায় সফল হওয়া যায়
নৈতিকতা ও মূল্যবোধ বজায় রেখে ছোট থেকে শুরু করেও ব্যবসায় সফল হওয়া যায়। বাংলাদেশে তারই উৎকৃষ্ট উদাহরণ স্যামসন এইচ চৌধুরী, সৈয়দ হুমায়ুন কবির (এস এইচ কবির) ও আমজাদ খান চৌধুরী।
এঁদের প্রথমজন দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দ্বিতীয়জন রেনেটা বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং শেষোক্ত জন শীর্ষ ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণের কর্ণধার। তিনজনই প্রয়াত। তাই তাঁরা এখন নৈতিকতা ও মূল্যবোধের ব্যবসায়িক আদর্শ আজকের প্রজন্মের ব্যবসায়ীদের কাছে।
এভাবেই প্রয়াত দেশের এ শীর্ষ তিন শিল্পোদ্যোক্তার স্মরণসভায় তাঁদের আদর্শকে তুলে ধরলেন তিনজনের সাহচর্য পাওয়া দেশের একাধিক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও প্রয়াতদের পরিবারের সদস্যরা। গতকাল শনিবার সকালে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এ স্মরণসভার আয়োজন করে। প্রয়াত তিন শিল্পোদ্যোক্তা জীবদ্দশায় বিভিন্ন মেয়াদে শতবর্ষের পুরোনো এ ব্যবসায়ী সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
বর্তমানে ব্যবসার নৈতিকতার অধঃপতনে হতাশা প্রকাশ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, এখনকার সময়ে ব্যবসায়িক সফলতার মাপকাঠি হচ্ছে, আপনি কত টাকা বানালেন। কীভাবে ওই টাকা বানালেন, সেটা মুখ্য নয়। ব্যবসার মূল্যবোধগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু নীতি, নৈতিকতা ও মূল্যবোধ ঠিক রেখেও যে ব্যবসায় সফল হওয়া যায়, তার উদাহরণ স্যামসন এইচ চৌধুরী, সৈয়দ হুমায়ুন কবির ও আমজাদ খান চৌধুরী।
ব্যবসায়িক নৈতিকতার উদাহরণ তুলে ধরতে গিয়ে প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর ছেলে ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ‘একবার স্কয়ার গ্রুপেরই সহযোগী এক প্রতিষ্ঠান বিক্রির জন্য একজন ক্রেতার সঙ্গে চুক্তি হলো। চুক্তির শর্ত অনুযায়ী, অফেরতযোগ্য পাঁচ কোটি টাকা জামানত নেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে ওই ক্রেতা টাকা দিতে না পারায় প্রতিষ্ঠানটি আর তাঁর কাছে হস্তান্তর করা হয়নি। এই অবস্থায় ওই ক্রেতা বাবার (স্যামসন এইচ চৌধুরী) কাছে জামানতের টাকা ফেরত দেওয়ার অনুরোধ করেন। বাবা কোম্পানি সচিবকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। তখন বাবাকে চুক্তির শর্ত মনে করিয়ে দিলে তিনি বলেছিলেন, “এভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে কখনো বড় হওয়া যায় না”।’
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও এমসিসিআইয়ের সাবেক সভাপতি লতিফুর রহমান বলেন, স্যামসন এইচ চৌধুরী বলতেন, ব্যবসা ছোট বা বড়, সেটা বড় বিষয় নয়। উৎপাদনের গুণগত মান, ব্যবস্থাপনা ভালো হলে এবং নৈতিকতা বজায় রাখতে পারলে ব্যবসায় সফলতা আসবেই। সৈয়দ হুমায়ুন কবির ছিলেন এমসিসিআইয়ের নির্বাচনী বোর্ডের দায়িত্বে। এ কারণে নির্বাচনী কোনো জটিলতা নিয়ে এমসিসিআইকে আদালতে যেতে হয়নি। আর স্বপ্নকে কীভাবে সফল করতে হয়, সেটি করে দেখিয়েছেন আমজাদ খান চৌধুরী।
স্মরণসভায় আইনজীবী রফিক-উল হক বলেন, দেশের অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আয়কর জোগান দিয়েছেন প্রয়াত এসব শিল্পোদ্যোক্তা। অথচ কোনো সরকারই রাষ্ট্রীয়ভাবে তাঁদের সম্মান দেয়নি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল বলেন, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে তাঁদের সফল জীবনী তুলে ধরা দরকার।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফল পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ঋণখেলাপি, করখেলাপিদের বাদ দিয়ে দেশের উদ্যোক্তা শ্রেণি বলতে যেন তাঁদেরকে বুঝি, সেই ব্যবস্থা করতে হবে।
মেট্রো চেম্বারের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি লায়লা রহমান কবির, আনিস উদ দৌলা, সালমান এফ রহমান, আবদুল হাফিজ চৌধুরী, প্রতিষ্ঠাতা মহাসচিব সি কে হায়দার, সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান, সাবেক অর্থসচিব মতিউল ইসলাম, প্রয়াত এস এইচ কবিরের ছেলে কাইজার চৌধুরী, আমজাদ খান চৌধুরীর ছেলে ও প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী প্রমুখ।
সভার শুরুতে প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এ ছাড়া তাঁদের পরিবারের সদস্যদের হাতে এমসিসিআইয়ের পক্ষ থেকে সম্মাননা পোর্ট্রেট তুলে দেওয়া হয়।
এমসিসিআইয়ের পক্ষ থেকে আয়োজিত এ স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন আইনজীবী ড. কামাল হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এমসিসিআইয়ের সাবেক সভাপতি রোকিয়া আফজাল রহমান, রাশেদা কে চৌধূরী, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, এসকেএফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন হোসেন প্রমুখ।