নৈতিকতা দিবস উদ্যাপন
নানা আয়োজনে ১ জানুয়ারি দ্বিতীয়বারের মতো নৈতিকতা দিবস (এথিকস ডে) উদ্যাপন করেছে এথিকস ক্লাব বাংলাদেশ। এ উপলক্ষে ওই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। মল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ও জাতীয় নেতা আবদুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে এথিকস অ্যান্ড মোরালিটি, সিভি রাইটিং, উইনিং ইন্টারভিউ, ক্যারিয়ার প্লানিং ও ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র বিতরণ ও আলোচনায় অংশ নেন ড. কামাল হোসেন, আমীর-উল-ইসলাম, এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, সাদেকা হালিম, যুক্তরাষ্ট্রের ড্রেক্সেল ইউনিভার্সিটি কলেজ অব মেডিসিনের চিকিৎসক জিয়াউদ্দিন আহমেদ, আহমেদ ইমরান, এথিকস ক্লাব বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলারা এ খান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সভাপতি এম ই চৌধুরী শামীম। পরে সন্ধ্যায় হয় ‘মানবতা ও দেশপ্রেম’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।