নৈতিকতা শেখাচ্ছে 'সততা স্টোর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সততা স্টোর’ থেকে উপকরণ নিচ্ছে এক শিশু l প্রথম আলো
‘সততা স্টোর’ থেকে উপকরণ নিচ্ছে এক শিশু l প্রথম আলো

বিদ্যালয় ভবনের বারান্দার রাখা আছে একটি তাক। তাতে সাজানো রয়েছে খাতা, কলম, বিস্কুট, চানাচুর, চকলেট, চুইংগাম, আচারসহ বিভিন্ন সামগ্রী। দেয়ালে টাঙানো রয়েছে পণ্যগুলোর দামের তালিকা। শিক্ষার্থীরা এসে কেউ এসব পণ্য নিচ্ছে। এরপর তালিকা দেখে সেই পণ্যের দাম তাকের ড্রয়ারে রেখে যাচ্ছে। দোকানে কোনো বিক্রেতা নেই।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী গ্রামে অবস্থিত স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ মে গিয়ে এ দৃশ্য দেখা গেল। এ বিদ্যালয়ে চালু করা হয়েছে ‘সততা স্টোর’। সেখানে শিশুদের খাবার ও শিক্ষা উপকরণ বিক্রি করা হয়। কিন্তু কোনো বিক্রেতা নেই। বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দেওয়াই এ স্টোরের লক্ষ্য।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ ইমতিয়াজ বলল, ‘এটি আমাদের সম্পদ। তাই এটি সংরক্ষণ ও রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা কেউ টাকা ছাড়া এখান থেকে কিছু নিই না।’
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ৫০০ টাকা দিয়ে এ সততা স্টোর চালু করা হয়। এখন প্রতিদিন দোকানে ৪০০-৫০০ টাকার মালামাল বিক্রি হয়। লাভের টাকায় গরিব শিক্ষার্থীদের বিদ্যালয়ের পোশাক, জুতা, ওষুধসহ নানা সহায়তা দেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, রাজবাড়ীর পাঁচটি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা মোট ৪৮১টি। মোট ৬৮টি বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে সদর উপজেলার ৫টি, গোয়ালন্দের ২টি, কালুখালীর ৪৪টি, পাংশার ১৫টি এবং বালিয়াকান্দির ২টি বিদ্যালয়। তাঁর মতে, শিশুদের কোমলমতি মনে সুন্দর ভাবনা সহজেই গেঁথে দেওয়া যায়। তাই এ উদ্যোগ ভবিষ্যতে অবশ্যই সুফল বয়ে আনবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘সততা স্টোর চালু করার পর প্রথম কয়েক দিন কিছু শিক্ষার্থী টাকা না দিয়েই পণ্য নিয়ে যেত। আমরা বিষয়টি বুঝতে পারি। এরপর শিক্ষার্থীদের বিষয়টি বুঝিয়ে বলি। এখন আর কোনো শিক্ষার্থী টাকা ছাড়া পণ্য নেয় না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, হাতেকলমে শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা। শিশুদের প্রকৃত নৈতিক শিক্ষা দেওয়ার ভাবনা থেকে সততা স্টোর দিয়েছেন তাঁরা। এতে ছোটবেলা থেকেই তাদের মধ্যে সৎ থাকার মানসিকতা গড়ে উঠবে।
১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে এখন শিক্ষার্থীর সংখ্যা ৪৬৫। শিক্ষক আছেন ৭ জন। গত বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষায় এই বিদ্যালয় থেকে ৬৮ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের সবাই পাস করে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে ও ৩ জন সাধারণ শাখায় বৃত্তি পায়। এ ছাড়া জিপিএ-৫ পায় ১১ জন। এভাবে সব পরীক্ষাতেই এ বিদ্যালয়ের সফলতা রয়েছে। শিক্ষার্থীদের সততা শেখানোর বিষয়টির একটা প্রভাব এই সফলতার ওপরও আছে বলে মনে করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ছোটবেলার অনুশীলন ভবিষ্যৎ জীবনে দারুণ প্রভাব ফেলে। ছোটবেলা থেকে শিক্ষার্থীদের সৎ মানসিকতার অনুশীলন আগামী দিনে ভালো ফল বয়ে আনবে। ভবিষ্যতে এসব শিশুই তো দেশের নেতৃত্ব দেবে।