বিচারপতি মুহম্মদ ইব্রাহিমকে একজন দৃঢ়চেতা ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে তাঁর স্মরণসভায় অংশ নেওয়া বক্তারা বলেছেন, তিনি ছিলেন একই সঙ্গে একজন বিচারক, শিক্ষক ও আইনপ্রণেতা। প্রেসিডেন্ট আইয়ুব খানের মন্ত্রিসভায় যোগ দিলেও পূর্ব বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে তিনি পদত্যাগ করতে দ্বিধা করেননি। অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে বিরোধী জোট গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। নৈতিকতার প্রশ্নে তিনি ছিলেন আপসহীন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে বিচারপতি ইব্রাহিমের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘রিভিজিটিং হিস্ট্রি’ শীর্ষক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
বিচারপতি মুহম্মদ ইব্রাহিম ১৯৪৯ সাল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি ছিলেন। অবসর নেওয়ার পর ১৯৫৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। এই পদে থাকা অবস্থাতেই ১৯৫৮ সালে তিনি পাকিস্তান কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী হিসেবে সামরিক শাসক ফিল্ড মার্শাল আইয়ুব খানের মন্ত্রিসভায় যোগ দেন ও ’৬১ সালে পদত্যাগ করেন। এ ছাড়া তিনি দীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
স্মরণসভায় বিচারপতি ইব্রাহিম সম্পর্কে সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, ‘আইয়ুব খান ভেবেছিলেন বিচারপতি ইব্রাহিমকে দিয়ে সংবিধান প্রণয়ন করতে পারলে সেটা সবার বৈধতা পাবে। কিন্তু বিচারপতি ইব্রাহিম বলেছিলেন রাষ্ট্রীয় কাঠামোর বদল না করলে বৈষম্যের বিলোপ হবে না। তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। মন্ত্রী হয়েও যে পদত্যাগ করা যায় সেটা তো আমরা ভুলেই গেছি।’
স্মরণসভায় উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বিচারপতি ইব্রাহিমের মেয়ে জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।