নৈরাজ্য ও হত্যাকাণ্ডের দায় খালেদাকেই নিতে হবে: বনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কয়েক দিন আগে চিকিৎসার আড়ালে প্রকৃতপক্ষে নানা ষড়যন্ত্রের জাল বুনেছেন। এরই অংশ হিসেবে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এই নৈরাজ্যের পক্ষ নিয়েছেন খালেদা জিয়া। সুতরাং এসব নৈরাজ্য ও হত্যাকাণ্ডের দায়দায়িত্ব তাঁকেই নিতে হবে। গতকাল সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করে মন্ত্রী এ কথা বলেন। বনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর যে নৈরাজ্য চলছে, সেটা বিএনপির সমর্থনেই চলছে। যেখানে এসব সহিংসতা হয়েছে, সেসব জায়গায় বিএনপির প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ছিল। তিনি দাবি করেন, এগুলো পরিকল্পিত ঘটনা। খালেদা জিয়াকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে বনমন্ত্রী বলেন, ‘অনেকে মনে করেন, এটি (খালেদা জিয়াকে হত্যার হুমকি) তাঁদের সাজানো নাটক।’ সংবাদ সম্মেলনে মহাজোটের শরিক ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, আজ যারা এসব নৈরাজ্য করছে, তারা প্রকৃতপক্ষে ইসলামের লোক হতে পারে না। এটা মওদুদীবাদ, যা সম্পূর্ণ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ। সংবাদ সম্মেলনে মহাজোটের আরেক শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী এবং ইসলামি দলগুলোর আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।