নৈরাজ্য দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পুলিশ বাহিনী সর্বোচ্চ কর্তব্যপরায়ণতার সঙ্গে এমনকি অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েও দায়িত্ব পালন করছে। ঝুঁকি নেওয়ার পুরস্কার হিসেবে কনস্টেবল থেকে উপপরিদর্শক পর্যন্ত ৩০ শতাংশ হারে ভাতা দেওয়া হচ্ছে। এ ছাড়া সবার জন্য ঝুঁকিভাতা চালুর বিষয়টিও সরকার বিবেচনা করছে।
রাজারবাগ পুলিশ লাইনে গতকাল মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত চক্রের সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং চলমান উন্নয়নে হুমকি হয়ে দাঁড়িয়েছে। কেবল শান্তি বজায় থাকলে কোনো দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারে। কিন্তু বর্তমানে এ চক্রের অগ্নিসংযোগ, পেট্রলবোমায় প্রতিদিন স্বজন হারানোর বেদনা ও আর্তনাদে বাংলার আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। হিংস্রতা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। ধর্মীয় দিবস ও বিশ্ব ইজতেমার সময়ও তারা হরতাল-অবরোধ করে।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের সাধারণ নির্বাচনের পর থেকে গত এক বছরে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল। কিন্তু বিএনপি-জামায়াত কোনো কারণ ছাড়াই এবারের নৃশংসতা শুরু করেছে। দেশের উন্নয়নে ও সমাজে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে সহায়তা করতে দল-মতনির্বিশেষে সবাইকে আহ্বান জানান তিনি। হিংস্রতা বন্ধে দলগুলোর প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ সদস্যদের সশস্ত্র প্রতিরোধের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনী শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক। সরকার পুলিশ বিভাগে ৭৩৯টি ক্যাডার পদ সৃষ্টি করেছে। আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করেছি। এর ফলে শিল্পপ্রতিষ্ঠান, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে। থানাগুলো দৃশ্যত পুলিশের সেবাকেন্দ্রে পরিণত হয়েছে। তাই অপরাধ দমনে ও জনগণকে কার্যকর সেবা প্রদানের জন্য প্রত্যেক থানা ও পুলিশকে কাজ করতে হয়।’ তিনি বলেন, কমিউনিটি পুলিশের কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে।
প্রধানমন্ত্রী ৮৬ পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলকে চার বিভাগে পুলিশ পদক প্রদান করেন। এর মধ্যে ১০ জন পুলিশ পদক-বিপিএম (সাহসিকতা) ও ২০ জন বিপিএম (সেবা) পদক এবং ১৬ জন পুলিশ সদস্য রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম (সাহসিকতা) ও ৪০ জনকে পিপিএম (সেবা) পদকে ভূষিত করা হয়। তিনজনকে দেওয়া হয় বিপিএম (সাহসিকতা, মরণোত্তর) পদক।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিচালক (আইজিপি) এ কে এম শহীদুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।