নৈরাজ্য না করার প্রতিশ্রুতি দিলে গ্রেপ্তারকৃতদের মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনমন্ত্রী হাছান মাহমুদ
বনমন্ত্রী হাছান মাহমুদ

হরতাল-নৈরাজ্য প্রত্যাহার করে বিরোধী দল যদি আলোচনায় বসে এবং এসব নৈরাজ্য আর না করার প্রতিশ্রুতি দেয়, তাহলে সরকার গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির ব্যবস্থা করতে পারে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, কিন্তু বিরোধী দল এই পথ অব্যাহত রাখলে সরকার আরও কঠোর হবে।

মন্ত্রী আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জন ড্যানিলোউইত্জ মন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন।

হাছান মাহমুদ বলেন, সরকার অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা শিশুদের পরীক্ষার মধ্যেও ছয় দিন হরতাল দিয়েছে। হরতাল ডেকে নৈরাজ্য সৃষ্টি করেছে। যে নেতাদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা প্রকাশ্যে সন্ত্রাসী ভাষায় কথা বলেছেন বলেই সরকার বাধ্য হয়ে তাঁদের গ্রেপ্তার করেছে।

বনমন্ত্রী বলেন, ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত তাঁকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র মনে করে হরতাল ডেকে, নৈরাজ্য সৃষ্টি করে কোনো সমস্যার সমাধান হতে পারে না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। হাছান মাহমুদ বলেন, ‘আমরাও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাস করি। তবে আমরা বলেছি, সংবিধানের আলোকেই সমস্যার সমাধান হতে হবে।’

পদত্যাগ করতে পারেন আজ

বনমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আজ দেখা করতে পারলে আজই তিনি পদত্যাগপত্র জমা দেবেন।