দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এসব ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার উত্তরাঞ্চলের বেশ কয়েকটি স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর: সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের রাস্তায় জেলা মহিলা পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে সংগঠনের সভানেত্রী কানিজ রহমান, সম্পাদিকা মারুফা বেগম প্রমুখ বক্তব্য দেন।
কুড়িগ্রাম: সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের আহ্বানে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কুড়িগ্রাম-রংপুর, কুড়িগ্রাম-চিলমারী সড়কের দুই পাশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন করে। পরে সমাবেশে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভাপতি নন্দিতা চক্রবর্তী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
সিরাজগঞ্জ: জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সকাল ১০টার দিকে শহরের চৌরাস্তায় উদীচী কার্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র দাস, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুকুমার চন্দ্র দাস, উদীচীর সম্পাদক মঈনুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তা সবাই মিলে প্রতিহত করার আহ্বান জানান।
পঞ্চগড়: বিকেলে শহরের শেরেবাংলা মোড়ে মানববন্ধনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কমিউনিস্ট পার্টি, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ, গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা অংশ নেন। পরে স্থানীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভায় ওই ঐক্য পরিষদের সভাপতি অর্জুন কুমার ভৌমিক, কমিউনিস্ট পার্টির সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সৈয়দপুর (নীলফামারী): বিকেলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন কমিটি যৌথভাবে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে স্থানীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন ঐক্য পরিষদের সভাপতি সুবোধ চন্দ্র রায়, পূজা উদ্যাপন কমিটির সভাপতি রাজকুমার পোদ্দার প্রমুখ।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): গতকাল উপজেলার পূর্ব চৌরাস্তায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
শেরপুর (বগুড়া): হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে বিকেলে শহরজুড়ে কালো পতাকা বিক্ষোভ মিছিল হয়েছে। পরে ঢাকা-বগুড়া মহাসড়কের স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।