নৈরাজ্য বন্ধ হলেই আলোচনা অর্থবহ হবে: আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের নাশকতা বন্ধ করলে বিরোধী দলের আটক নেতাদের মুক্তি এবং আলোচনার অর্থবহ পরিবেশ সৃষ্টি হবে। এ ধরনের নৈরাজ্য বন্ধ না করলে আলোচনা কখনোই অর্থবহ হবে না। আজ মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল, অবরোধ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, বাস পুড়িয়ে মানুষ হত্যা, বোমাবাজি, হত্যা, নাশকতা বন্ধ করে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়।

বিএনপির পক্ষ থেকে তাদের আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে আবার বলা হয়, এসব হত্যা, হরতাল, অবরোধ, শিক্ষাব্যবস্থা ধ্বংস, রেললাইন উপড়ে ফেলাসহ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, বাস পুড়িয়ে মানুষ হত্যা, বোমাবাজি ও জানমালের নিরাপত্তাহীনতার সব ধরনের নাশকতা বন্ধের আহ্বান জানানো হয়।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে নির্বাচনকালীন সরকারের বিষয়টি উত্থাপন করা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, হরতাল, অবরোধসহ সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করলেই নির্বাচনকালীন সরকারসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম ও গওহর রিজভী এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী প্রমুখ।