বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আন্দোলন নয়, দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করাই জামায়াত-হেফাজত-বিএনপির লক্ষ্য। সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করে বিশেষ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই বিএনপি-জামায়াত সংলাপ বা নির্বাচন কোনোটাতেই অংশ নিতে রাজি হচ্ছে না।
গতকাল শুক্রবার বিকেলে ১৪ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মেনন এসব কথা বলেন। ওয়ার্কার্স পার্টির তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে লাল পতাকা নিয়ে মিছিল বের হয়। মিছিল পুরানা পল্টন ও প্রেসক্লাব হয়ে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে মেনন আরও বলেন, জামায়াত-জঙ্গিবাদী চক্রের এই প্রতিবিপ্লবী ষড়যন্ত্রে সহযোগিতা ও নেতৃত্ব প্রদান করছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এ কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপসহ সব ক্ষেত্রেই তাঁর অসহিষ্ণু আচরণ প্রত্যক্ষ করছে দেশবাসী। জনগণের সংগঠিত প্রতিরোধ দিয়েই এই প্রতিবিপ্লবী ষড়যন্ত্র রুখতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির পলিটব্যুরোর সদস্য নুরুল হাসান, নূর আহমদ, কামরুল আহসান ও নগর ওয়ার্কার্স পার্টি নেতা মোস্তফা আলমগীর। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক কিশোর রায়।
সমাবেশে বিভিন্ন বক্তা পোশাকশিল্পের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, মালিকদের একগুঁয়েমির কারণে এই শিল্পের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তাঁরা পোশাকশিল্পের আট হাজার টাকা ন্যূনতম মজুরি-সম্পর্কিত শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানান।