নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশে নৈরাজ্য সৃষ্টিকারীরা যে দলের বা যত বড় নেতাই হোক, ছাড় দেবে না সরকার।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘শিশু নির্যাতন: প্রচলিত আইন ও তার প্রয়োগ’ শীর্ষক আলোচনা সভা শেষে সংবাদমাধ্যমের কর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।আইন প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে যুদ্ধাপরাধীদের আইনের আওতায় নেওয়া হবে। যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া বানচাল করতে বিএনপি বা অন্য কেউ মাঠে নামলে তারা ভুল করবে। তিনি বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টিকারীরা কী করবে বা কী করতে পারে, তার হিসাব-নিকাশ সরকার করে রেখেছে। সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও তিনি মন্তব্য করেন। জামায়াতের নেতা গোলাম আযমের পাসপোর্ট তড়িঘড়ি করে নবায়ন করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, ‘যত কিছুই করুক, কেউ দেশ থেকে পালাতে পারবে না।’এর আগে সেভ দ্য ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা শিশুদের ব্যবহার করছে। তাই শিশুরা বিপথগামী ও মাদকাসক্ত হয়ে পড়ছে। তিনি বলেন, শিশুদের সুরক্ষায় অনেক আইন আছে, কিন্তু তার প্রয়োগ হয় না। তিনি আইন প্রয়োগের পাশাপাশি শিশুদের অধিকার রক্ষায় অভিভাবকসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেভ দ্য ইয়ুথ ফোরামের উপদেষ্টা দুলাল বিশ্বাস।