নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, মাঠপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে চান। কিন্তু জামায়াতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে বলে খালেদা জিয়া ও তাঁর দল নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তবে নির্বাচন বানচালের নামে যারাই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।
গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের যৌথ বর্ধিত সভায় মোহামঞ্চদ নাসিম এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হাবিবে মিল্লাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী, সহসভাপতি আবু ইউসুফ প্রমুখ। এতে জেলা, সদর থানা ও শহর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসচিব পর্যায়ে বৈঠকের জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে আমন্ত্রণ জানালেন। কিন্তু বিএনপির মহাসচিব তা না করে শুক্রবার তাঁদের জনসভায় হুঁশিয়ার দিয়েছেন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশ অচল করে দেবেন। আসলে বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নির্বাচনে আসতে পারছে না।
নাসিম আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলেও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি এককভাবে নির্বাচন করেছিল। তাতে কোনো দল অংশ নেয়নি। কিন্তু এবারের প্রেক্ষাপটে বিএনপি ছাড়া অন্য সব দল নির্বাচনে অংশ নিচ্ছে। যে কারণে ১৫ ফেব্রুয়ারির মতো এ নির্বাচন মনে করার কোনো কারণ নেই।