নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে হরতাল ডাকা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিরোধী দল হরতাল ডেকেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিলের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু এটাকে ইস্যু করে বিরোধী দল হরতাল আহ্বান করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চাইছে। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর হরতালকে সমর্থন দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত কখনোই আলাদা ছিল না। আগের হরতালগুলোতেও জামায়াতের সমর্থন ছিল। বিএনপি-জামায়াত এক অভিন্ন এজেন্ডা নিয়েই মাঠে নেমেছে। বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা ও যুদ্ধাপরাধীর বিচার ব্যাহত করতে তাদের এ জোটবদ্ধ ষড়যন্ত্র চলছে। হরতালে বাধা দেওয়ার বিষয়ে বিএনপির হুঁশিয়ারির জবাবে শামসুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অরাজকতা ঠেকাতে কাজ করে যাবে। হরতাল করা যেমন গণতান্ত্রিক অধিকার, তেমনি জনগণের গণতান্ত্রিক অধিকার রয়েছে নিরাপদে থাকা ও চলাচল করার।