একজন ছাত্র হত্যার ঘটনার পর পাল্টা হত্যা ও নৈরাজ্যের আশঙ্কায় দুই বছর ধরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের তিনটি ছাত্রাবাসের সব কটিই বন্ধ রাখা হয়েছে। এতে করে শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।কর্তৃপক্ষ বলছে, ছাত্রাবাস খোলার পরিবেশ এখনো হয়নি। ছাত্রসংগঠনগুলোর দাবি, প্রশাসনিক দুর্বলতার কারণেই কর্তৃপক্ষ ছাত্রাবাস খুলে দিচ্ছে না।২০১০ সালের ৭ জানুয়ারি ছাত্রমৈত্রীর পলিটেকনিক শাখার সহসভাপতি রেজওয়ানুল ইসলামকে কুপিয়ে জখম করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই দিন বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই হামলায় ছাত্রমৈত্রীর আরও কয়েকজন নেতা গুরুতর আহত হন। ওই দিন কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পলিটেকনিক ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয়। এর প্রায় সাড়ে চার মাস পর ২৬ মে ক্যাম্পাস খুলে দেওয়া হলেও এখনো পর্যন্ত ছাত্রাবাস খুলে দেওয়া হয়নি।ইনস্টিটিউটের শাহ নেয়ামতুল্লাহ (র.) ছাত্রাবাসের আবাসিক ছাত্র হাদিজ্জামান বলেন, তিনি পাওয়ার বিভাগের ষষ্ঠ পর্বে পড়াশোনা করেন। ছাত্রাবাস বন্ধ হওয়ার পর তিনি নগরের উপশহর এলাকার একটি ভাড়া মেসে থাকেন। সেখানে একটি ছোট কক্ষে কয়েকজনকে থাকতে হয়। ছাত্রাবাসের মতো সেখানে পড়াশোনার পরিবেশ নেই। বাইরে থাকার খরচও বেশি। একই ছাত্রাবাসের একই পর্বের ছাত্র বিপ্লব সরকার বলেন, ক্যাম্পাসে থাকলে অনেক বিষয়ে বই কিনতে হয় না। সহপাঠী এবং বড় ভাইদের সহযোগিতা পাওয়া যায়। কিন্তু বাইরে মেসে এসব সুযোগ-সুবিধা নেই। বাইরে খরচ বেশি, কষ্টও বেশি।আক্তারুজ্জামান ছাত্রীনিবাসের আবাসিক ছাত্রী সাদিয়া সুলতানা বলেন, মেয়েদের বাইরে মেসে থেকে পড়াশোনা করা খুবই অসুবিধা। বাইরের মেসে এক হাজার টাকা সিট ভাড়া দিয়ে তাঁদের থাকতে হয়। সেখানেও থাকার মতো ভালো পরিবেশ নেই।ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর শাখার সভাপতি মতিউর রহমান বলেন, ওই হত্যা মামলার আসামিদের ফাঁসির রায় হয়েছে। ছাত্রমৈত্রী প্রতিহিংসার রাজনীতি করে না। প্রশাসনকে তাঁরা সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তার পরও শুধু প্রশাসনিক দুর্বলতার কারণে ছাত্রাবাস খুলে দেওয়া হচ্ছে না।শাহ নেয়ামতুল্লাহ (র.) ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা তো চাই ছাত্রাবাস খুলে দেওয়া হোক। কিন্তু নৈরাজ্যের আশঙ্কায় প্রশাসন ছাত্রাবাস খুলে দেওয়ার উদ্যোগ নেয়নি।’এ ব্যাপারে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল জলিল বলেন, এখনো ছাত্রাবাস খোলার পরিবেশ তৈরি হয়নি।