নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
হরতালের নামে নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ গত সোমবার নগরে সমাবেশ ও মানববন্ধন করেছে।সমাবেশে কথায় কথায় হরতালের নামে নাশকতা, গুপ্ত হামলা ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং দেশের চলমান সংকট নিরসনে দুই নেত্রীকে সমঝোতায় বসার আহ্বান জানানো হয়।নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সকাল ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচির সঙ্গে রাজশাহী জেলা লোক মোর্চা, রাজশাহী শিল্প ও বণিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা ঘোষণা করেন।সমাবেশে বক্তারা বলেন, হরতালের কারণে রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। দিনের পর দিন অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। হরতালের কারণে কৃষি ও শিক্ষাব্যবস্থারও ব্যাপক ক্ষতি হচ্ছে। মানুষকে জিম্মি করে দলীয় স্বার্থ আদায় করার লক্ষ্যে গণতন্ত্রের নামে দেশে মরণতন্ত্র বাস্তবায়ন করা হচ্ছে। মানববন্ধন কর্মসূচি থেকে সম্প্রতি রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের ওপর হরতাল-সমর্থকদের বোমা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ ছাড়া রক্ষা সংগ্রাম পরিষদের প্রচার সম্পাদক আজম খান ও সদস্য আবু সাঈদ আলীর বিরুদ্ধে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জাতীয় পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক এস এম জোহা সরকার, রাজশাহী শিল্প ও বণিক সমিতির পরিচালক হারুনার রশিদ, জেলা লোক মোর্চার সভাপতি আলাউদ্দিন আল আজাদ, লক্ষ্মীপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ফুটপাত ব্যবসায়ী সমিতির সভাপতি আইয়ুব আলী তালুকদার, ক্রীড়া সংগঠক হারুনার রশিদ, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শরিফ আলী প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।