নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দল বিক্ষোভ করবে ৪ ও ৯ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। এর মধ্যে ৪ মার্চ ঢাকাসহ সারা দেশে এবং ৯ মার্চ ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ কর্মসূচি গ্রহণ করা হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন।জাতীয় পতাকা অবমাননা, শহীদ মিনার ভাঙচুর, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পবিত্রতা বিনষ্ট, সাংবাদিকদের ওপর হামলা, গণজাগরণ মঞ্চে হামলা এবং বিএনপি-জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় মাহবুব উল আলম হানিফ বলেন, দেশবাসী ন্যায়বিচার আশা করেছিল। এ রায়ের মাধ্যমে জাতি ন্যায়বিচার পেয়েছে। বিচারকাজের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি এই মামলার সাক্ষী, তদন্ত কর্মকর্তাসহ সকলকে ধন্যবাদ জানাই। আমি তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানাই, যাঁরা গত ২৩ দিন ধরে শাহবাগে আন্দোলন করছেন।’সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জনগণ যে ন্যায়বিচার প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়েছে। তিনি বলেন, সাঈদী ধর্মপ্রচারক নন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সময় ৩০ বছর বয়সী রাজাকার কমান্ডার।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন: আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, অসীম কুমার উকিল, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম প্রমুখ।