
টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে নয়টি ভোটকেন্দ্রের পাঁচটিতে একজন করে চতুর্থ শ্রেণির কর্মচারীকে পোলিং কর্মকর্তা (অফিসার) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের চারজন নৈশপ্রহরী, একজন পিয়ন।
সখীপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গতকাল রোববার ওই নয়টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাসহ ১৫৫ জনের নিয়োগপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
নির্বাচনে পোলিং কর্মকর্তাদের কাজ হচ্ছে ভোটকেন্দ্রে ভোটারকে শনাক্ত করে ভোটার তালিকায় টিক চিহ্ন দেওয়া ও আঙুলে কালি দেওয়া।
সখীপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ৩০ ডিসেম্বর সখীপুর পৌরসভার নয়টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয়ের নয়জন কর্মকর্তাকে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে স্থানীয় উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০০-এর বেশি ও ৫০টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৫০০-এর বেশি শিক্ষক থাকলেও তাঁদের নিয়োগ না দিয়ে চারজন নৈশপ্রহরী ও একজন এমএলএসএসকে (পিয়ন) নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হচ্ছেন মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের নৈশপ্রহরী মনোয়ার হোসেন, ওই কার্যালয়ের এমএলএসএস রতন তালুকদার, বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী জহিরুল ইসলাম, গড়গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী শাহীন আলম ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) নৈশপ্রহরী মো. মিন্টু মিয়া।
নৈশপ্রহরী মনোয়ার হোসেন ও এমএলএসএস রতন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা অফিসার হিসেবে নিয়োগ পেয়েছি কি না জানি না। তবে আমি ভোটের দিন স্যারদের ফরমাশ খাটব।’
৭ নম্বর ওয়ার্ডের আদর্শ শিশুকানন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের আপ্যায়ন ও চা আনা-নেওয়ার জন্য পিয়ন দরকার। এ জন্যই তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।
পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী নাসির উদ্দিন ও জাতীয় পার্টির আয়নাল হক মিয়া প্রথম আলোকে বলেন, সরকার নির্বাচনে কারচুপি করার জন্য নানা কৌশল নিয়েছে।
নিয়োগ পাওয়া একাধিক পোলিং কর্মকর্তা ও শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের সঙ্গে পিয়নদের সমান গুরুত্ব দিয়ে আমাদের অপমান করা হয়েছে।’
জানতে চাইলে সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই চতুর্থ শ্রেণির কর্মচারীদের পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বস্তা টানা বা এ রকম ছোটখাটো কাজ করতে চান না প্রিসাইডিং কর্মকর্তারা। কাজের সহযোগিতার জন্য তাঁরা নিজেদের অফিসের লোকদেরই পোলিং অফিসার পদে চেয়েছেন। তাই তাঁদের নিয়োগ দিয়েছি।’ এই রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘পাঁচজন নয়, এর চেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়েছে। তবে কোনো অসৎ উদ্দেশ্য থেকে তা করা হয়নি।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, সংসদ নির্বাচনের পরিপত্রে চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ দেওয়া যাবে না বলে উল্লেখ থাকলেও পৌর নির্বাচনে এ বিষয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে যেহেতু সরকারি শিক্ষকের কোনো অভাব নেই, তাই পিয়নদের নিয়োগ না দেওয়াই সমীচীন।