নৈশপ্রহরী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজলার বক্তারমুন্সি বাজারে নুরুল ইসলাম (৫৫) নামে এক নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত নুরুল ইসলাম সোনাগাজী উপজেলার দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের মৃত জালাল আহম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয় ব্যবসায়ী সূত্র জানায়, গতকাল সোমবার সকালে রাজাপুর গ্রামের লোকজন স্থানীয় মিফতাহুল উলুম মাদ্রাসার পাশের মাঠে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। এ খবর পেয়ে বাজারের ব্যবসায়ীসহ এলাকার লোকজন লাশটি বক্তারমুন্সি বাজারের নৈশপ্রহরী নুরুল ইসলামের বলে শনাক্ত করেন।
স্থানীয় বক্তারমুন্সি বাজারের অপর একজন নৈশপ্রহরী জাফর আহম্মদ জানান, রোববার রাতে বাজারের তিন নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। রাত তিনটার পর বাজারের পশ্চিম প্রান্তে একটি গুলির শব্দ শোনা যায়। তার পর থেকে নুরুল ইসলাম নিখোঁজ ছিলেন। তাঁকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। কিন্ত বাজারের পাশে সড়কের ওপর তার পরনের পোশাকের একটি অংশ পাওয়া যায়। তিনি মাত্র দুই দিন আগে নৈশপ্রহরী হিসেবে যোগদান করেন। কারও সঙ্গে শত্রুতা থাকার কথা না।
সোনাগাজী থানার ওসি আবু জাফর মো. সালেহ বলেন, নিহত নুরুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে এবং গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
এ ঘটনায় নিহত নুরুল ইসলামের শ্বশুর শাহাব উদ্দিন বাদী হয়ে সোনাগাজী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।