নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে যুবককে পুড়িয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া শহরে গতকাল শনিবার মঙ্গল মিয়া (৪০) নামের এক নৈশপ্রহরীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবককে (৩২) পুড়িয়ে হত্যা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে শহরের পুনিয়াউট এলাকায় জেলা সার্ভার স্টেশনের কাছ থেকে মঙ্গলের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরে ছুরির একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গল পুনিয়াউটের এক বালুমহালের নৈশপ্রহরী ছিলেন। তাঁর বাড়ি নবীনগর উপজেলায়। পুলিশের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, মঙ্গলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে সকাল সাড়ে আটটার দিকে গফরগাঁওয়ের নিগুয়ারী ইউনিয়নের অললী নতুন বাজারসংলগ্ন বলুয়া বিলের ধানখেতে অজ্ঞাতপরিচয় ওই যুবককে অগ্নিদগ্ধ হয়ে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে এলাকাবাসী ওই ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেনকে বিষয়টি জানান। আবুল হোসেন গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক ও এক ভ্যানচালককে দিয়ে ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
আবুল হোসেন জানান, কে বা কারা এই যুবকের শরীরে আগুন ধরিয়ে দিয়ে ওই স্থানে রেখে পালিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা দিবাকর সাহা জানান, ওই যুবকের সারা শরীরই আগুনে পোড়া ছিল।
গফরগাঁওয়ের পাগলা থানার ওসি বদরুল আলম বলেন, ‘গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খোঁজ নিয়ে দেখা হবে।’