নৈশপ্রহরীকে হত্যা কার্যালয়ে লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পটিয়া উদ্যান উন্নয়ন কেন্দ্রের এক নৈশপ্রহরীকে হত্যা করে কার্যালয়ে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।গতকাল বুধবার সকালে পুলিশ নিহত নৈশপ্রহরী বাসু চৌধুরীর (৪৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। তাঁর বাড়ি উপজেলার হাইদগাঁও গ্রামে। এই ঘটনায় বাসু চৌধুরীর স্ত্রী বিজলী চৌধুরী পটিয়া থানায় হত্যা মামলা করেছেন।পুলিশ ও উদ্যান উন্নয়ন কেন্দ্র সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় পটিয়া উদ্যান উন্নয়ন কেন্দ্রের প্রধান ফটকের নৈশপ্রহরী বাসু চৌধুরীকে হত্যা করে কার্যালয় থেকে এক লাখ ৩৬ হাজার টাকা ও একটি ল্যাপটপ লুটে নিয়ে যায় দৃর্বৃত্তরা। গতকাল সকালে পুলিশ তালাবদ্ধ প্রশিক্ষণকক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে।পটিয়া থানার এসআই কামাল উদ্দিন বলেন, দুর্বৃত্তদের চিনে ফেলায় বাসু চৌধুরীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা বাসু চৌধুরীর গায়ের চাদর দিয়ে হাত-পা পিছমোড়া করে বেঁধে তাঁকে হত্যা করে উদ্যান উন্নয়ন কেন্দ্রে লুটপাট চালায়। তিনি জানান, নিহত নৈশপ্রহরীর পিঠে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গুদামরক্ষক আবদুল মান্নানকে (৫২) আটক করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইলতুৎমিশ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন। আশা করি, দুর্বৃত্তদের চিহ্নিত করা যাবে।’ উদ্যান উন্নয়ন কেন্দ্রের পরিচালক ইদ্রিস আলী জানান, প্রতিরাতে উদ্যান উন্নয়ন কেন্দ্র এলাকায় তিনজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করেন।