নৈশপ্রহরীদের জিম্মি করে দোকানে ডাকাতি
কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ায় গত সোমবার গভীর রাতে একটি দরজির দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতেরা আগ্নেয়াস্ত্রের মুখে দুই নৈশপ্রহরীকে বেঁধে তালা ভেঙে ওই দোকান থেকে সাড়ে ছয় লাখ টাকার কাপড়চোপড় নিয়ে গেছে।
ডাকাতি হলেও পুলিশ এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) নিয়েছে।
দোকানের মালিক আবদুর রহিম গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের (৩ নম্বর শাখা) উত্তর গেটের কাছে আর ফ্যাশন টেইলার্স নামে তাঁর একটি দোকান আছে। গত রোববার রাত তিনটার দিকে দোকানের পাশের বাসিন্দা তাঁর শ্যালকের ফোন পেয়ে তিনি দোকানে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান দুই নৈশপ্রহরীকে গামছা দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং দোকানের তালা ভাঙা। এ সময় তিনি দোকানের ভেতরে ঢুকে দেখতে পান তাঁর দোকানে থাকা অনেক প্যান্ট-শার্টের পিস নেই। নৈশপ্রহরীরা জানান, ১০-১৫ জন ডাকাত আগ্নেয়াস্ত্রের মুখে তাঁদের বেঁধে ফেলে এবং শার্ট ও প্যান্টের পিস পিকআপে করে নিয়ে যায়। রহিম জানান, কাফরুল থানায় তিনি মামলা করতে গেলে পুলিশ তাঁকে জিডি করার পরামর্শ দেয়। এরপর তিনি জিডি করেন। যোগাযোগ করা হলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম হোসেন প্রথম আলোকে বলেন, নৈশপ্রহরীদের বেঁধে ফেলে দোকানে ডাকাতি করার ঘটনা ঠিক নয়। দোকানের তালা ভেঙে মালামাল চুরি হয়েছে। মালিক এ ঘটনায় চুরির মামলা করতে রাজি না হওয়ায় জিডি নেওয়া হয়েছে।
রহিম বলেন, গলিতে পুলিশের টহল থাকে না। এ সুযোগে ডাকাতেরা তাঁর দোকানে ডাকাতি করেছে। স্থানীয় বাসিন্দারা এই এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানান।