ফরিদপুর জনতা ব্যাংকের করপোরেট শাখায় চুরির ঘটনায় গ্রেপ্তার ব্যাংকের নৈশপ্রহরী পরেশ দাসের বাড়ি থেকে ২৫ হাজার টাকা এবং কিছু প্রাইজবন্ড উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় শনিবার রাতে কোতোয়ালি থানায় মামলা করেছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাহ মো. আসাদুল্লাহ।এজহারে বলা হয়েছে, শুক্রবার রাতে ব্যাংকের ভল্ট খুলে ৯৪ লাখ ১১ হাজার ২৯০ টাকা ১৩ পয়সা এবং আট হাজার ৩০০ টাকার প্রাইজ বন্ড চুরি হয়। চুরির ঘটনার সঙ্গে নৈশপ্রহরী পরেশ দাস জড়িত বলে এজাহারে সন্দেহ প্রকাশ করা হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গতকাল দুপুরে পরেশ দাসকে নিয়ে পুলিশের একটি দল জনতা ব্যাংকের ওই শাখায় যায়। এ সময় সেখানে উপস্থিত ব্যাংক কর্মকর্তা, পুলিশ ও র্যাব সদস্যদের সামনে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন পরেশ। এর আগে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল সকালে ফরিদপুর শহরের চর কমলাপুর এলাকায় পরেশের বাড়ি থেকে ২৫ হাজার টাকা ও কিছু প্রাইজবন্ড উদ্ধার করা হয়েছে।গত শনিবার রাতে জনতা ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে দুই সদস্যের একটি তদন্ত কমিটি ফরিদপুর আসে। এই কমিটির সদস্যরা হলেন, বিভাগীয় মহাব্যবস্থাপক মিজানুর রহমান ও সহকারী মহাব্যবস্থাপক জাকির হোসেন।ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আওলাদ আলী ফকির প্রথম আলোকে বলেন, চুরির ঘটনা তদন্তে আমরা আনেকটা এগিয়ে গেছি। শিগগির জড়িতদের গ্রেপ্তার করা যাবে বলে আশা করছি।