নৈশভোজের আলোচনায় রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্র দপ্তর ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (ইউএসএআইডি) সফররত কর্মকর্তারা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জন ড্যানিলোইৎজের বাসায় নৈশভোজে রাজনীতিবিদরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নৈশভোজে উপস্থিত রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা রাতে প্রথম আলোকে এ তথ্য জানান। তাঁরা বলেন, মার্কিন কর্মকর্তারা নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর অবস্থান বিষয়ে জানতে চেয়েছেন। সংকট নিরসনে কে কী ভাবছেন, সে বিষয়ে প্রশ্ন করেছেন।
এক রাজনৈতিক বিশ্লেষক জানান, ধরাবাঁধা কোনো কাঠামোতে আলোচনা হয়নি। অন্যান্য সামাজিক অনুষ্ঠানে যেভাবে আলোচনা হয়, তেমনিভাবেই প্রসঙ্গক্রমে আলোচনায় এসেছে রাজনীতি ও নির্বাচন।
নাগরিক সমাজের এক প্রতিনিধি বলেন, মার্কিন কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে জানতে চাইলেও নিজেরা কোনো মতামত দেননি। ১ নভেম্বর থেকে মার্কিন প্রতিনিধিদলটি বাংলাদেশ সফর করছে।
নৈশভোজে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক ও রিয়াজ রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জামায়াতে ইসলামীর নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাক, এফবিসিসিআইয়ের তিন সাবেক সভাপতি সালমান এফ রহমান, আবদুল আউয়াল মিন্টু ও ইউসুফ আবদুল্লাহ হারুন, সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান প্রমুখ।