নো ম্যানস ল্যান্ডে মিয়ানমারের সীমান্তরক্ষীদের সাইনবোর্ড
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নো ম্যানস ল্যান্ডে চলাচলে বিধিনিষেধ আরোপ করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে।
বিজিপির সাইনবোর্ড স্থাপনের কথা স্বীকার করে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) বলেছে, বিষয়টি সীমান্তের কাছাকাছি বসবাসকারী লোকজনকে জানিয়ে দেওয়া হয়েছে। এতে সীমান্তে চোরাচালান ও অবৈধ চলাচলকারী ছাড়া সাধারণ মানুষের নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না।
সীমান্ত এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, এ মাসের শুরু থেকে বিজিপি সাইনবোর্ড স্থাপন শুরু করে। এতে লেখা আছে ‘সাবধান, কেউ কাঁটাতার চুরি ও নো ম্যানস ল্যান্ডে চলাচল করলে গুলি করা হবে।’
নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ বলেছেন, বিজিপি জিরো লাইনে মানুষের চোখে পড়ার মতো জায়গাগুলোতে সাইনবোর্ড দেওয়ার কথা তিনি শুনেছেন। ভয়ে সেখানে গিয়ে দেখে আসাও সম্ভব নয়। তবে সীমান্তে যাঁরা বসবাস করছেন, তাঁদের আপাতত কোনো সমস্যা হচ্ছে না।
এ বিষয়ে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসান মোর্শেদ বলেছেন, এতে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তার জন্য কোনো সমস্যা হবে না।