নো-ম্যান্স-ল্যান্ডে রাস্তা নির্মাণ বন্ধের আবারও প্রতিশ্রুতি বিএসএফের
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তে নো-ম্যান্স-ল্যান্ডের ভেতরে অবৈধ পাকা রাস্তা নির্মাণকাজ বন্ধ রাখার ব্যাপারে আবারও প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা ২০ মিনিটে মুন্সীপুর সীমান্তের শূন্যরেখায় সরস্বতী নদীর চরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক শুরু হয়ে বেলা সাড়ে ১১টার দিকে শেষ হয়। এতে বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা ৩৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আহসান আহমেদ এবং বিএসএফের পক্ষে ভারতের সীমানগর ৪২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক এল আর ইয়াদেদ নেতৃত্ব দেন। বৈঠকের পর বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা নির্মাণাধীন রাস্তার কাজ পরিদর্শন করেন।অভিযোগ রয়েছে, বিএসএফের সহায়তায় উপজেলার মুন্সীপুর সীমান্তের ৯২ থেকে ৯৩ মেইন পিলার বরাবর ভারতের অংশে মহাখোলা থেকে হাটখোলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ওই রাস্তা নির্মাণের চেষ্টা চলছে। রাস্তাটি পরিদর্শন শেষে মেজর আহসান আহমেদ প্রথম আলোকে জানান, ‘সেখানে প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তা নির্মাণকাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। তারকাঁটার বাইরে নো-ম্যান্স-ল্যান্ডের মধ্যে ওই রাস্তা নির্মাণ চলছিল। এটা অবৈধ, তা বিএসএফ কর্মকর্তাদের জানিয়ে এসেছি। তাঁরা রাস্তা নির্মাণ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।’প্রসঙ্গ, গত ১৪ ফেব্রুয়ারি এই নিয়ে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে প্রতিশ্রুতি দেওয়ার পরও বিএসএফ নির্মাণসামগ্রী জড়ো করতে থাকে। চলতি মাসের মাঝামাঝি সেখানে ওই পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হয়।