নোংরা ও দুর্গন্ধ বিছানায় চলছে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের নোংরা ও দুর্গন্ধযুক্ত বিছানায় চলছে চিকিৎসাসেবা। শয্যা থেকে এক রোগী চলে যাওয়ার পরপরই একই বিছানায় নতুন রোগী তুলে দেওয়া হচ্ছে।

চিকিৎসারত একাধিক রোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এ ব্যবস্থা চলছে। রোগীদের বাধ্য হয়েই বাড়ি থেকে পরিষ্কার চাদর, বালিশ ও কম্বল আনতে হয়।

হাসপাতাল থেকে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা ওয়ার্ডে শয্যাসংখ্যা ৩১। প্রতিটি শয্যার বিপরীতে বিছানা রয়েছে তিন সেট করে।

১৮ জানুয়ারি রাত আটটার দিকে সরেজমিনে দেখা গেছে, ওই দুটি ওয়ার্ডে ২৯ জন রোগী আছে। এদের বেশির ভাগই বাড়ি থেকে পরিষ্কার বিছানা এনে চিকিৎসা নিচ্ছে।

এ সময় পুরুষ ওয়ার্ডে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগী আবদুস সালাম (৫০) বলেন, ‘সাত দিন পর পর বিছানার চাদর পাল্টে দেয়। কিন্তু যে চাদর দেয় তা থেকেও নোংরা গন্ধ বের হয়। কষ্ট করেই চিকিৎসা নিতে হচ্ছে।’

আরেক রোগী উপজেলার গজারিয়া গ্রামের চায়না খাতুন জানান, হাসপাতালে পরিষ্কার বিছানা না পাওয়ায় বাড়ি থেকে চাদর, বালিশ ও কম্বল আনতে হয়েছে।

রোগী নুর ইসলাম জানান, হাসপাতালের যেসব চাদর সরবরাহ করা হয়, তাতে রক্ত লেগেই থাকে। কর্তব্যরত সেবিকা ও চিকিৎসকদের অভিযোগ করেও কোনো উপকার হয় না। একই ধরনের অভিযোগ করেন রোগী আসমা বেগমসহ কয়েকজন।

স্বাস্থ্য কমপ্লেক্সে ওই দুটি ওয়ার্ডের দায়িত্বরত জ্যেষ্ঠ সেবিকা বিলকিছ বেগম দাবি করেন, রোগীদের অভিযোগ সম্পূর্ণ সত্য নয়। বিছানাগুলো পুরোনো হয়ে গেছে। নির্দিষ্ট শয্যার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি হলে পরিষ্কার বিছানা সরবরাহ করতে সমস্যায় পড়তে হয়। রোগীরা চাইলে তাদের পরিষ্কার চাদর, বালিশের কভার ও কম্বল সরবরাহ করা হয়ে থাকে।

চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর আত্মীয়স্বজন অভিযোগ করেন, প্রতিটি বিছানাই অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। অনেক সময় বিছানার দুর্গন্ধ সহ্য করতে না পারায় চিকিৎসার জন্য রোগীকে কাছের ক্লিনিকে নিয়ে ভর্তি করতে হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক সুলতান জানান, এ ব্যাপারে দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।