নোংরা কক্ষে বিশুদ্ধ পানির কারখানা, জরিমানা
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল ছাড়াই রাজশাহীতে বিশুদ্ধ পানি উৎপাদনের কারখানা চালানো হচ্ছে। একটি ভবনের ছোট ছোট দুটি কক্ষে অপরিচ্ছন্ন পরিবেশে পানি উৎপাদন করা হচ্ছে। এভাবে কার্যক্রম চালানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কারখানাটিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। রাজশাহী নগরের শিরোইল এলাকায় মাহী ড্রিংকিং নামের ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত সোমবার অভিযান চালান। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম। এ সময় বিএসটিআইয়ের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক আলাউদ্দিন হুসাইন ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চালিয়ে জরিমানা করলে তোপের মুখে পড়েন সেখানে উপস্থিত বিএসটিআই রাজশাহীর অঞ্চলের এক কর্মকর্তা।ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম জানান, একটি বিশুদ্ধ পানি উৎপাদনের কারখানায় ল্যাবরেটরি, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, জার পরিষ্কার করার ওয়াশিং মেশিন, ফাস্ট এইড বক্স, রি-এজেন্ট ও কেমিস্ট অথবা টেকনোলজিস্ট থাকার কথা। কিন্তু মাহী ড্রিংকিং কারখানায় সোমবার অভিযান চালানোর সময় ল্যাবরেটরি, জার পরিষ্কার মেশিন, ফাস্ট এইড বক্স, রি-এজেন্ট এবং কেমিস্ট অথবা টেকনোলজিস্টকে পাওয়া যায়নি। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থাকলেও সেটি বেশ পুরোনো। রাজ্জাকুল ইসলাম আরও জানান, খুব ছোট আকারের দুটি কক্ষে মাহী ড্রিংকিং কারখানার কার্যক্রম চালানো হচ্ছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় ওই কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে এই দল নগরের উপশহর এলাকায় বরেন্দ্র ইন্ডাস্ট্রিজ নামের অপর একটি পানি উৎপাদনকারী কারখানায় অভিযান চালায়। লাইসেন্স নবায়ন না করায় ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল হলুদের কারখানার সন্ধানবোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি জানান, হলুদে ভেজাল মেশানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত উপজেলার সাতৈর বাজারের হলুদ তৈরির একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার এ অভিযান চালান। কারখানাটি কামারহাটি গ্রামের মো. লিটন বিশ্বাসের। এ কারখানা থেকে ভেজাল মেশানো সাড়ে তিন কেজি গুঁড়ো হলুদ, সাড়ে চার কেজি হলুদ, হলুদে মেশানোর জন্য চালের গুঁড়ো ও বিষাক্ত রাসায়নিকযুক্ত রং জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাব্বির ইকবাল।