নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বগুড়ার চিকন সেমাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার চিকন সেমাইয়ের খ্যাতি ও কদর দেশজুড়ে। ঈদ সামনে রেখে এবারও চিকন সেমাইপল্লিতে ব্যস্ততা বেড়েছে, কারখানাগুলোতে দিনরাত কাজ চলছে। তবে মান নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় এই সেমাই এবার অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে জায়গায় তৈরি হচ্ছে।চিকন সেমাইপল্লি হিসেবে পরিচিত বগুড়া শহরতলির বেজোড়া ঘাটপাড়া ও বেজোড়া শ্যাওড়াগাতিপাড়ায় গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সেখানে ঘরে ঘরে চিকন সেমাই তৈরির কাজ চলছে। নারী-পুরুষেরা কেউ ময়দার খামির তৈরি করছেন, কেউ যন্ত্রে সেমাই বানাচ্ছেন, কেউ আবার বানানো সেমাই বাড়ির উঠানে রোদে শুকাচ্ছেন।এখানকার কারিগরেরা জানান, একসময় হাতমেশিনে চিকন সেমাই তৈরি করতেন তাঁরা। এখন বিদ্যুতে চালিত যন্ত্রে সেমাই তৈরি করছেন। যন্ত্রে তৈরি এসব সেমাই খাঁচায় ভরে সরাসরি বিক্রির জন্য নেওয়া হচ্ছে বগুড়া শহরের রাজাবাজার, বড়গোলা, ফতেহ আলী বাজার, চাঁদনিবাজারসহ পাইকারি বাজারে। দেশের বিভিন্ন জেলার পাইকারেরা এসেও এখান থেকে ট্রাকে ভরে সেমাই কিনে নিয়ে যাচ্ছেন। এদিকে, কিছু অভিজাত কোম্পানিতেও সরবরাহ করা হচ্ছে চিকন সেমাই। এসব কোম্পানির লোকজন কারখানাগুলোতে গিয়ে দরদাম ঠিক করার পর চাহিদা অনুযায়ী মোড়ক ও কোম্পানির লেভেল দিয়ে আসছেন।বেজোড়া ঘাটপাড়ার একটি সেমাই কারখানার মালিক সাহেব আলী জানান, ঈদ সামনে রেখে এবার দুই পাড়া মিলে ১৫-১৬টি কারখানায় শতাধিক শ্রমিক ও কারিগর সেমাই তৈরি করছেন। বাজারে ব্যাপক চাহিদা থাকলেও বর্ষার কারণে বানানো সেমাই ঠিকমতো শুকানো যাচ্ছে না। এখানকার তিনটি যন্ত্রে দিনে গড়ে পাঁচ মণ সেমাই তৈরি হয়। ভাজা ও ভাজাছাড়া প্রতি কেজি সেমাই গড়ে ৪০-৪৫ টাকা কেজি দরে বিক্রি হয়। বেজোড়া শ্যাওড়াগাতিপাড়ায় গিয়ে দেখা গেল, আট-দশটি কারখানায় কাজ চলছে। অধিকাংশ কারখানা স্যাঁতসেঁতে, নোংরা ও অপরিচ্ছন্ন। কেউ কেউ বসতঘরে, কেউবা বাড়ির উঠানে, আবার কেউ গোয়ালঘরেও সেমাই তৈরির যন্ত্র বসিয়েছেন।শ্যাওড়াগাতিপাড়ার প্রবেশমুখেই একটি কারখানায় গিয়ে দেখা গেল, সেখানে তিন-চারজন নারীশ্রমিক কাজ করছেন। তৈরি করা সেমাই চটের বস্তার ওপর শুকাতে দিয়েছেন। বস্তা যেখানে বিছানো হয়েছে, সে স্থানটি গোবর ও আবর্জনায় ভরা। সেখানে মাছি ভনভন করছে। গোবরের মধ্যে সেমাই শুকানোর বিষয়টি নজরে আনা হলে কারখানার মালিক বেলাল হোসেন বলেন, ‘আবহাওয়া খারাপ। রোদ পাওয়া যাচ্ছে না। এ জন্য এ ভিটায় এনে সেমাই শুকানো হচ্ছে।’ একই অবস্থা পার্শ্ববর্তী আবদুর রশীদের কারখানাতেও। এখানে বসানো চারটি যন্ত্রে চার-পাঁচজন শ্রমিক সেমাই তৈরির কাজ করছেন। ঘুটঘুটে অন্ধকার, আলো-বাতাসহীন একটি ঘরে প্রতিদিন প্রায় সাত-আট মণ সেমাই তৈরি হচ্ছে। পাশে ইউনুস আলীর কারখানায় গিয়ে আরও একই দৃশ্য দেখা গেল। অপরিচ্ছন্ন একটি ঘরে তিনটি যন্ত্রে তৈরি হচ্ছে সেমাই। বিদ্যুৎ নেই, কারখানা বন্ধ। একটি গামলায় রাখা আছে খামির। খামিরের ওপর তখন মাছির মিছিল। পাশেই একটি গামলা। সেখানে রাখা খামির আর বাসি পানির দুর্গন্ধে ঘরে টেকা দায়। একজন নারী এ কারখানার কারিগর। তাঁর গা থেকে দরদর করে ঘাম ঝরছে। বাড়ির আঙিনায় সেমাই শুকানোর কাজ করছেন কারখানার মলিকের স্ত্রী সাফিয়া বেগম। তিনি নোংরা পায়ে চটের ওপর দিয়ে হেঁটে সেমাই উল্টেপাল্টে দিচ্ছেন। প্রায় একই অবস্থা আবদুল বারী, ইন্দাজ আলী ও বাবুল হোসেনের কারখানাতেও।বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন প্রথম আলোকে জানান, বিএসটিআইয়ের নিয়ন্ত্রণাধীন ১৫০টি পণ্যের তালিকায় চিকন সেমাই নেই। এ কারণে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হলেও চিকন সেমাই কারখানাগুলোর বিরুদ্ধে বিএসটিআই কোনো ব্যবস্থা নিতে পারছে না।বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, ‘খোঁজ নিয়ে চিকন সেমাই কারখানাগুলোতে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’