নোংরা পরিবেশে শিশুশিক্ষা
প্রাথমিক বিদ্যালয়টি সরকারি। শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা আছে এখানে। কিন্তু থাকার স্থান অপরিচ্ছন্ন ও নোংরা। উৎকট গন্ধ বেরোয় সেখান থেকে। শিশু শিক্ষার্থীরা খোসপাঁচড়া ও পাতলা পায়খানায় আক্রান্ত হয় প্রায়ই।তার ওপর নেই বিদ্যুৎ ও পানি। গরমে রাত কাটাতে হয় শিক্ষার্থীদের। পানি আনতে যেতে হয় অনেক দূরে। এটা খাগড়াছড়ির দীঘিনালার কাঁঠালতলী আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। বিদ্যালয়ে ১০০ জন শিক্ষার্থীর বিপরীতে চারজন শিক্ষক রয়েছেন।৬ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের খোসপাঁচড়া ও চুলকানি রোগের চিকিৎসা দিয়েছে। বিদ্যালয়ের অপরিচ্ছন্ন পরিবেশের কারণেই এ রোগ দেখা দিয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ২০১০ সালে ভেজাল খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি ছিল।৬ জুন বিদ্যালয় ঘুরে দেখা যায়, শ্রেণীকক্ষ লাগোয়া শিক্ষার্থীদের ঘুমানোর কক্ষ, শৌচাগারসহ প্রায় সব কক্ষই নোংরা। কক্ষগুলোতে ঢোকার সময় নাকে উৎকট গন্ধ এসে ধাক্কা দেয়। শিক্ষকদের কক্ষেও দুর্গন্ধ।বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী অরুণ বিকাশ ত্রিপুরা, মিতালী চাকমা; পঞ্চম শ্রেণীর প্রশান্ত ত্রিপুরা, অনুশ্রী চাকমা, পেচার বালা ত্রিপুরা, শেফালী চাকমা ও তৃতীয় শ্রেণীর সৈকত চাকমা বলে, ‘আমাদের এখানে পানি নেই। পাহাড়ের নিচ থেকে পানি সংগ্রহ করে আনি। শৌচাগারেও পানির পর্যাপ্ত ব্যবস্থা নেই। থাকার কক্ষগুলো ধোয়া-মোছা হয় না। এগুলো থেকে দুর্গন্ধ বের হয়। আমরা এ অপরিচ্ছন্ন পরিবেশে রাত কাটাই।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম কান্তি চাকমা ও সহকারী শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, বিদ্যালয়ের যে অপরিচ্ছন্ন পরিবেশ! এখানে আমরা চাকরির স্বার্থে থাকতে বাধ্য হচ্ছি। অফিসকক্ষে পর্যন্ত দুর্গন্ধের কারণে বসে থাকতে পারি না। বড় সমস্যা বিদ্যুতের। বিদ্যুৎ সংযোগ না থাকায় পানির সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিল বকেয়া থাকায় নতুন করে বিদ্যুৎ সংযোগ পাওয়া যাচ্ছে না। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে প্রতিদিনই বিদ্যালয়ের কোনো না কোনো শিক্ষার্থী পাতলা পায়খানায় আক্রান্ত হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলাশ নাগ জানান, বিদ্যালয়ের শিশুরা যে পরিবেশে বাস করছে, তা স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, ‘বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে দুর্গন্ধে আমার নিজেরও বমি হওয়ার উপক্রম হয়েছে।’ চিকিৎসক জানান, বিদ্যালয়টির ২৫ জন শিক্ষর্থীকে খোসপাঁচড়ার চিকিৎসা দেওয়া হয়েছে।পিডিবির দীঘিনালা উপকেন্দ্র সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২ আগস্ট খাগড়াছড়ি জেলা প্রশাসকের নির্দেশে বিদ্যালয়টিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তখন থেকে বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল বকেয়া পড়ে যায়। পরে কিছু টাকা পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হলেও বর্তমানে সুদাসলে ২৬ লাখ ৫৬ হাজার ৭৪০ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা বলেন, বকেয়া বিল পরিশোধ না করা পর্যন্ত বিদ্যালয়ে নতুন সংযোগ দেওয়া সম্ভব হবে না।