নোঙর ছিঁড়ে জলের জাহাজ ডাঙায়!
নোঙর ছিঁড়ে সাগর থেকে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে উঠে গেছে পণ্যবিহীন ছোট আকারের একটি বিদেশি জাহাজ। গত শনিবার গভীর রাতে জোয়ারের সময় এটি সৈকতে উঠে যায়। নিয়ন্ত্রণহীন জাহাজটি সৈকতের দিকে চলে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বন্দরে অবস্থানরত অন্যান্য জাহাজ।বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান বলেন, জাহাজটিকে জোয়ারের সময় টাগবোট দিয়ে টেনে সাগরে ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এটির রাডার অচল থাকায় সব সময় টাগবোট প্রস্তুত রাখার জন্যও বলা হয়েছে।জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, এমভি এএইচএন সান নামের ভিয়েতনামের পতাকাবাহী জাহাজটির স্টিয়ারিং গিয়ার অচল থাকায় গত মাসের শেষের দিকে এটি কলকাতা বন্দরে ভেড়ার অনুমতি পায়নি। এরপর কলকাতা বন্দরের অদূরে সাগরে অন্য জাহাজে পণ্য খালাস করে ২৪ ঘণ্টার মধ্যে ছেড়ে যাওয়ার শর্ত দেওয়া হয় জাহাজটিকে। নির্ধারিত সময়ের পর ১ আগস্ট জাহাজটিকে রশি দিয়ে টাগের সাহায্যে টেনে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আনা হয়। বন্দরের তথ্যানুযায়ী, জাহাজটি লম্বায় ৯০ মিটার দীর্ঘ। জাহাজে কোনো পণ্য না থাকায় এটির পানির অংশের গভীরতা ছিল তিন মিটার, যা এখন বন্দরের অবস্থানরত ১১৭টি জাহাজের মধ্যে সবচেয়ে কম। গভীরতা কম থাকায় পূর্ণ জোয়ারের সময় নোঙর ছিঁড়ে পতেঙ্গা সৈকতে উঠে যায়। ভাটার সময় পানি কমে এটি সৈকতের বালুতে আটকে যায়। জাহাজের স্থানীয় প্রতিনিধি কেএসএম শিপিংয়ে ব্যবস্থাপক (অপারেশন) বাহে মং বলেন, জাহাজটির গিয়ার অচল থাকায় ড্রাইডকে মেরামতের অপেক্ষায় ছিল। কিন্তু নোঙর ছিঁড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এটিকে সৈকতের দিকে নিয়ে আসেন জাহাজের ক্যাপ্টেন। রাতের জোয়ারে টাগবোটের সাহায্যে টেনে আবার সাগরে নেওয়া হবে বলে তিনি জানান।